আগামী দু-এক দিনের মধ্যে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায় হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
শুক্রবার উপজেলার মিঠানালা রামদয়াল বহুমুখী উচ্চবিদ্যালয়ে তাকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রসঙ্গত, যুদ্ধাপরাধের অভিযোগের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মাওলানা সাঈদীকে মুত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করে আসামিপক্ষ। আপিল শুনানি ও যুক্তিতর্ক শেষে এখন রায়ের অপেক্ষায় আছে আপিল আবেদন।
পূর্তমন্ত্রী বলেন, “মিরসরাইসহ দেশকে কলঙ্কমুক্ত করতে যুদ্ধাপরাধীদের বিচারকাজ চলছে। আগামী দুই-এক দিনের মধ্যে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় হবে।”
উপজেলা আওয়ামী লীগের সদস্য শরীফ উদ্দিন শোভনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জনতা ব্যাংকের চেয়ারম্যান ড. আবুল বারাকাত, বসুন্ধরা গ্রুপের পরিচালক রফিকুল ইসলাম, জনতা ব্যাংকের ডিএমডি মো. ইফতেখারজুজ্জামান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আবুল কালাম আজাদ, সুপ্রিম ট্রেডিং করপোরেশনের চেয়ারম্যান আবুল হোসেন মো. ফিরোজ প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মো. মোয়াজ্জেম হোসেন।
