সরকার পুলিশকে দুর্নীতি লাইসেন্স দিয়েছে: এমাজাউদ্দিন

by News Room

সিলেটের খবর ডেস্ক:সরকার পুলিশকে দুর্নীতি লাইসেন্স দিয়ে বিরোধী দল নিধনের খেলায় মেতে ওঠেছে বলেও মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজাউদ্দিন আহমেদ।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তনে ‘উত্তরাঞ্চল ইঞ্জিনিয়ার্স ফোরাম’ আয়োজিত ইফতারপূর্ব এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘গণতন্ত্র নির্বাসিত হয়েছে। এ গণতন্ত্রকে আমরা ফিরে পেতে চাই। জনগণের মৌলিক অধিকার এবং শিক্ষার অধিকারও ফিরে ফেতে চাই। তাই বর্তমান ক্ষমতাশীনদের কাছে আমি প্রত্যাশা করি এ দিকগুলো বিবেচনা করে তাদের রুচিবোধ একটু হলেও উন্নত হবে।’

আগামী ১০ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার মান নিম্নমানের পর্যায়ে চলে যাবে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘১০ বছর পর দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আর শিক্ষাপ্রতিষ্ঠান বলে গণ্য হবে না। কারণ ঢাবিসহ সব প্রতিষ্ঠানে মেধাবি শিক্ষকদের নিয়োগ না দিয়ে ক্ষমতাশীন দলের লোকজনকে নিয়োগ দেয়া হচ্ছে। ফলে বিগত দিনে যে শিক্ষার মান ছিল বর্তমানে তা নেই এবং ভবিষ্যতে তা আরো নিম্নমানের হবে।’

দুর্নীতি দমন করা গেলে জিডিপি দুই থেকে তিন শতাংশ বৃদ্ধি পেত, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের এমন ‌বক্তব্যের প্রতিক্রিয়ার তিনি বলেন, ‘অর্থমন্ত্রী আমার বন্ধু ছিলেন। তাকে আমি ভালোভাবেই ছিনতাম কিন্তু এখন তার বুদ্ধি লোপ পেয়েছে নাকি বৃদ্ধি পেয়েছে তা বলা দূর্লভ। কারণ তাদের দলের লোকজনই দুর্নীতি করছে আর তা দমন করার দায়িত্বও তাদের। তাই কী কারণে জিডিপি বৃদ্ধি পায়নি তা বলার কাজ তার নয়।’আয়োজক সংগঠনের সভাপতি প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান মুর্তজার সভাপতিত্বে আলোচনায় আরো বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি কবি আব্দুল হাই শিকদার, বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।

You may also like

Leave a Comment