সড়কে শিশু হত্যা বন্ধ কর-তানজিনা

by News Room

সাম্প্রতিক সময়ে সড়কে শিশু মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ জানিয়েছে শিশু কিশোর সংগঠন ‘বিহঙ্গ’।

গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির সম্পাদক তানজিনা বেগম এক বিবৃতিতে বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের বিভিন্ন সেক্টরে সংস্কার প্রস্তাব নিয়ে ব্যাপক আলোচনা হলেও দেশের সামগ্রিক সড়ক ও পরিবহন ব্যবস্থাপনার বিষয়টি আলোচনার বাইরে থেকে যাচ্ছে। চলতি বছরের প্রথম ৯ মাসে সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ৫৯৮ জন মানুষ মৃত্যুবরণ করেছেন ৷ মৃত্যুর তালিকায় ৭২৯ জন শিশু ও ৬৭৭ জন নারী । পেশার দিক থেকে সবচেয়ে বেশি ৬৮৭ জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবছর৷ রোড সেফটি ফাউন্ডেশনের ২০২৩ সালের গবেষণা প্রতিবেদনে দেখা যায় গতবছর দেশে ১ হাজার ১২৮ শিশু প্রাণ হারিয়েছে সড়ক দুর্ঘটনায়; অর্থাৎ প্রতিদিন সড়কে তিনটির বেশি শিশুর প্রাণ যাচ্ছে।

মূল সড়কে বাস, ট্রাক, মাইক্রোবাস এবং আঞ্চলিক সড়কে অটোরিকশা কিংবা স্থানীয়ভাবে তৈরি যানবাহন নছিমন বা ভটভটির ধাক্কায় বা চাপায় এসব শিশু হত্যার ঘটনা ঘটছে৷ পরিসংখ্যান বলছে দেশের আঞ্চলিক সড়কগুলোয় গত বছর সবচেয়ে বেশি শিশু মারা গেছে দুর্ঘটনার শিকার হয়ে। শিশুরা শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া-আসার সময়, বসতবাড়ির আশপাশের সড়কে চলাচলের সময় নিহতের ঘটনা বেশি ঘটেছে।

অথচ এই বিষয়টির সুষ্ঠু সমাধানে বিশেষ উদ্যোগ পরিলক্ষিত হয় না৷ দুর্ঘটনার প্রেক্ষিতে কিছুদিন পরপর থ্রি হুইলার অটোরিকশা বন্ধের নির্দেশ জারি হলেও আদতে তা কার্যকর সমাধান নয়৷ মুনাফার স্বার্থে বিপুল পরিমাণ ত্রুটিপূর্ণ যানবাহন ও যন্ত্রাংশ আমদানি করে এই সংকট সৃষ্টি করা হয়েছে৷ আবার আমদানির পর যেই যানবাহন সংস্কার না করে কথিত উচ্ছেদ প্রক্রিয়া নতুন সংকটের সৃষ্টি করছে৷ দেশে অনিবন্ধিত অটোরিকশার পরিমাণ ৭০ লক্ষেরও বেশি৷ ফলে বিপুল সংখ্যক মানুষের জীবন জীবিকা অটোরিকশার সাথে জড়িয়ে যাওয়ায় এই যানবাহন বন্ধ করে বিশেষ কোন সমাধান পাওয়া সম্ভব নয়৷ ফলে বিকল্প সমাধানে সরকারের তৎপরতা জরুরি। বুয়েট, চুয়েট, রুয়েট ও প্রশাসনের তত্ত্বাবধানে প্রতিটি ব্যাটারিচালিত রিকশার বডি মডিফাই করে ব্রেক ও গতির সমতা এনে সড়ক নিরাপত্তায় ঝুঁকিমুক্ত ব্যবহার নিশ্চিত করে প্রতিটি থ্রি হুইলারকে নিবন্ধনের আওতায় আনা প্রয়োজন৷ প্রতিটি ব্যাটারিচালিত রিকশায় ট্রাফিক বিভাগের সাথে সংযোগ স্থাপন করে জিপিএস লাগানো বাধ্যতামূলক করতে হবে। জিপিএস ট্র্যাকিং এর মাধ্যমে গতি নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে। প্রতিটি ব্যাটারিচালিত রিকশার চালককে নূন্যতম ১ সপ্তাহের সড়ক আইন-কানুন, ট্রাফিক চিহ্ন, সড়কে মোটর রিকশা চলাচল পদ্ধতি ইত্যাদি বিষয়ে মৌলিক প্রশিক্ষণ দিতে হবে। প্রশিক্ষণ সমাপ্তকারীদের নামমাত্র ফি নিয়ে ব্যাটারিচালিত রিকশা চালানোর ড্রাইভিং লাইসেন্স দিতে হবে। কোন অদক্ষ, অপ্রাপ্তবয়স্ক চালক অটোরিকশা চালাতে পারবে না৷ এছাড়াও অন্যান্য যানবাহনের ফিটনেস, চালকের সচেতনতা, দক্ষতা বৃদ্ধিসহ সড়কের সামগ্রিক ব্যবস্থাপনা ছাড়া সড়কে শিশু মৃত্যুর ঘটনা বন্ধ করা সম্ভব নয়৷

বিবৃতিতে অবিলম্বে নিরাপদ সড়ক নিশ্চিতে সরকারকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। সকল মানুষের জন্য নিরাপদ সড়ক নিশ্চিতে চাই সুষ্ঠু ব্যবস্থাপনা এই দাবি করে বিহঙ্গ।

 

You may also like

Leave a Comment