সংলাপের তাগিদ: গুম-খুনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান ইইউ’র

by News Room

ডেস্ক: সাম্প্রতিক সময়ে গুম-খুনের ঘটনায় গভীরভাবে উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। একই সঙ্গে নতুন নির্বাচনের জন্য দ্রুত সংলাপের আহ্বান জানিয়েছে তারা।

বৃহস্পতিবার রাজধানীর লেকশোর হোটেলে এক সংবাদ সম্মেলনে ইইউভুক্ত নয়টি দেশের রাষ্ট্রদূতরা এই আহ্বান জানান।

সাম্প্রতিক গুম-খুনের ঘটনাগুলোর সুষ্টু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা বলেন, যে দেশের নাগরিকই হোক তার নিরাপত্তা দেয়া সরকারের দায়িত্ব।

রাষ্ট্রদূতরা বলেন, যারা এ পর্যন্ত গুম হয়েছে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার পাশাপাশি সরকারের উচিত এসব ঘটনার ব্যাখ্যা দেয়া। একই সঙ্গে অহপরণের পর যেসব হত্যাকাণ্ড ঘটেছে তার পূর্ণ তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বৃটেনের ভারপ্রাপ্ত হাইকমিশনার নিক ল বলেন, বৃটেনের নাগরিক মুজিবুর রহমান সুনামগঞ্জ থেকে নিখোঁজ হয়েছেন। তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার পাশাপাশি এ বিষয়ে সরকারের ব্যাখ্যা দাবি করা হচ্ছে।

একইভাবে দুইবছর আগে নিখোঁজ হওয়া ইলিয়াস আলীকেও তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানান তিনি।

রাষ্ট্রদূতরা নারায়ণগঞ্জের ঘটনা উল্লেখ করে এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার পরামর্শ দেন।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানা বলেন, বৃটিশ বা বাংলাদেশি নাগরিক যেই হোক সবাইকে নিরাপত্তা দিতে হবে। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে দুই সপ্তাহ আগে সরকারে কাছে উদ্বেগ জানানো হয়েছে।

রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে ইইউ রাষ্ট্রদূতরা বলেন, এ বিষয়ে তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। বর্তমান অবস্থা থেকে উত্তরণ এবং নতুন নির্বাচনের জন্য দ্রুত সংলাপের প্রয়োজন।

তারা বলেন, ইইউ আশা করে রাজনৈতিক দলগুলো দ্রুত আলোচনায় বসে এ বিষয়ে সমাধানের পথ বের করবে।

সংবাদ সম্মেলনে, বৃটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, সুইডেন, স্পেন, নেদারল্যান্ড ও ডেনমার্কসহ বাংলাদেশে নিযুক্ত ইইউভুক্ত নয় দেশের রাষ্ট্রদূত এবং ইইউ মিশন প্রধান উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment