নিউজ ডেস্ক:যুক্তরাষ্ট্র সফরে থাকা রাষ্ট্রপতি আবদুল হামিদকে সংলাপের জন্য তাগিদ দিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন।নিউ ইয়র্কে এক বৈঠক জাতিসংঘ মহাসচিব রাষ্ট্রপতিকে এই তাগিদ দেন। বৈঠকে রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল রাখতে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের জন্য গুরুত্বারোপ করেন। জবাবে রাষ্ট্রপতি বলেছেন, সংলাপের ব্যাপারে সরকারের কোনো কার্পণ্য নেই; তবে তা হবে বর্তমান সরকারের মেয়াদ শেষে।
বৃহস্পতিবার জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আব্দুল মোমেন।
বৈঠককালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনা সদস্যদের অবদানের প্রশংসা করেন জাতিসংঘ মহাসচিব।
বান কি-মুন বলেন, “গোলযোগপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ যে অবদান রেখে চলেছে, সেজন্য আমরা বাংলাদেশের কাছে গভীরভাবে ঋণী।”
রাষ্ট্রপতি শান্তিরক্ষা মিশনে ঊর্ধ্বতন পর্যায়ে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানোর অনুরোধ জানান।
