150
ডেস্ক:বাংলাদেশে অস্তিত্বহীন ইসরায়েলি দূতাবাস ঘেরাওয়ের হুমকি দিয়ে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে হেফাজতে ইসলামের চট্টগ্রাম শাখা বলেছেন, তা ‘ভুল’ করে পাঠানো হয়েছিল।
শনিবার হেফাজতের চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে এক ইফতার ও দোয়া অনুষ্ঠানে বক্তব্যে কেন্দ্রীয় যুগ্মমহাসচিব মাঈনুদ্দীন রুহী গাজায় হামলার প্রসঙ্গ ধরে বাংলাদেশে ইসরায়েলের দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা দেন বলে সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল।
ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। ফলে এই দেশটির কোনো দূতাবাস বা মিশন যেমন বাংলাদেশে নেই, তেমনি ইসরায়েলেও বাংলাদেশের কোনো কূটনৈতিক মিশন নেই।
সংবাদ বিজ্ঞপ্তি পাওয়ার পর বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে হেফাজতের চট্টগ্রাম মহানগরের প্রচার সম্পাদক আ ন ম আহমদ উল্লাহ বলেন, ‘ভুলবশত’ এই প্রেসরিলিজ সরবরাহ হয়েছে।
“সংবাদ বিজ্ঞপ্তি টাইপ করার সময় ভুলে ইসরায়েলি দূতাবাস ঘেরাওয়ের কথা লেখা হয়ে যায়। ওই ভুল প্রেস রিলিজটিই চলে গিয়েছিল।”
