297
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ ‘আল কবীর এডুকেশন ট্রাস্ট’র খ্যাতিমান প্রতিনিধি, গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়ন ‘ছাত্রঐক্য পরিষদ’র সমাজসেবা সম্পাদক আহবাবুল্লাহ ফজলেগীরকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ১৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাতে গোলাপগঞ্জে তার এক বন্ধুর বাড়ি থেকে তুলে নিয়ে ছাত্রলীগের দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আটক ফজলেগীর শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক বিভিন্ন সংস্থার সম্পাদকীয় পদে দায়িত্ব পালনের পাশাপাশি বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের সক্রিয় একজন কর্মী বলে জানা গেছে। ছাত্রদলের কর্মী হলেও ছাত্রকল্যাণমূলক ও সামাজিক কাজে জড়িত থাকায় বাঘা ইউনিয়নে সে সব দল-মতের শিক্ষার্থীদের কাছে ‘ছাত্রবন্ধু’ হিসেবেও পরিচিত। তার গ্রেফতারের খবরে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিশেষ করে বাঘা ইউনিয়নের ছাত্রসমাজ ‘ছাত্রবন্ধু’ ফজলেগীরকে গ্রেফতারের ঘটনা ভালো চোখে দেখছে না। তারা ছাত্রকল্যাণমূলক একাধিক সংগঠনের একজন সদস্যকে গ্রেফতার ও মামলায় জড়ানোর ঘটনাকে ষড়যন্ত্র বলে দাবী করছে।
এদিকে গোলাপগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। গত বছরের ১ নভেম্বর গোলাপগঞ্জ পোর শহরে একটি সংস্থার অনুদান বিতরণী অনুষ্টানে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছিল। সেই মামলার সন্দেহভাজন আসামী ছিলেন ফজলেগীর। তাই, তাকে ঐ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
অপরদিকে, উদীয়মান এ ছাত্রনেতাকে মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে পাঠানো হয়েছে অভিযোগ করে তার মুক্তি দাবী করেছে ‘আল কবির এডুকেশন ট্রাস্ট’ ও ‘ছাত্র ঐক্য পরিষদ বাঘা’। গণমাধ্যমে পাঠানো পৃথক বিবৃতিতে সংগঠন দুটির নেতৃবৃন্দ ফজলেগীরের বিরোদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তাকে মুক্তি দিয়ে ছাত্রদের কল্যাণে কাজ করার সুযোগ দেয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন।
