রাজন হত্যায় সিলেট আদালতে ১৬৪ ধারায় দুলাল ও নুরের স্বীকারোক্তি

by News Room

নিজস্ব প্রতিবেদক : নির্মম ও পৈশাচিক নির্যাতনে সিলেটের কুমারগাঁওয়ে কিশোর সামিউল আলম রাজনের হত্যাকাণ্ডের অন্যতম হোতা দুলাল ও ভিডিওচিত্র ধারণকারী নুর হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

মঙ্গলবার বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা ১০ মিনিট পর্যন্ত সিলেট মহানগর হাকিম আদালত-৩-এর বিচারক আনোয়ারুল হকের আদালতে তারা এই জবানবন্দি দেয়।

জবানবন্দি শেষে সিলেট মহানগর আদালতে সহকারী পুলিশ কমিশনার আবদুল আহাদ সাংবাদিকদের জানান, আদালতে সামিউল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে দুলাল ও নুর।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দুলাল আদালতে স্বীকার করেছে, সে সামিউলকে নির্যাতন করেছে। অন্যদিকে নুর হোসেন জানিয়েছে, সে কামরুল ইসলামের কথাতেই ভিডিওচিত্র ধারণ করেছে।’প্রসঙ্গত, গত ১৫ জুলাই সিলেট সদর উপজেলার শেখপাড়া গ্রাম থেকে দুলালকে গ্রেফতার করে জালালাবাদ থানা পুলিশ। দুলাল সামিউল হত্যা মামলার এজহারনামীয় আসামি।

অন্যদিকে ওই দিন রাতে সিলেট শহরতলির টুকেরবাজার এলাকার জাঙ্গাইলস্থ তার নিজ বাড়ি থেকে স্থানীয় এলাকাবাসী নুর হোসেনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

গত ৮ জুলাই চুরির অভিযোগে সামিউল আলম রাজনকে নৃশংসভাবে নির্যাতন করে হত্যা করা হয়।

You may also like

Leave a Comment