মেয়ের মা হলেন পূর্ণিমা

by News Room

ডেস্ক রিপোর্ট:মা হয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা। গত ১৩ এপ্রিল রাত ১০টা ২০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন বলে নিশ্চিত করেছেন পূর্ণিমার বোন দিলরুবা হানিফ।
মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন বলেও জানিয়েছেন দিলরুবা।
দিলরুবা বলেন, ‘সবাই আমাদের পরিবারের নতুন অতিথি ও তার মায়ের জন্য দোয়া করবেন। প্রথমবারের মতো খালা হলাম। তাই আমি নিজেও অনেক বেশি উচ্ছ্বসিত। কী পরিমাণ খুশি হয়েছি, তা বলে বোঝাতে পারব না। পূর্ণিমার কন্যাসন্তানকে ঘিরে আমাদের পুরো পরিবারে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।’
রাজধানীর একটি হাসপাতালে ১৩ এপ্রিল চিকিত্সক এম আর খানের তত্ত্বাবধানে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দেন পূর্ণিমা। এ সময় তাঁর স্বামী, মা, বোনসহ কাছের স্বজনেরা হাসপাতালে উপস্থিত ছিলেন।
২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা অভিনেত্রী পূর্ণিমা। কাজী হায়াত পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ ছবির জন্য ২০১০ সালে সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন গুণী এ অভিনেত্রী।

You may also like

Leave a Comment