ধনপুরী আরিফের উপর ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা নগরীর কোর্ট পয়েন্টে পহেলা বৈশাখ উপলক্ষে ‘ইসলাম বিরোধী কার্যকলাপ প্রতিরোধ সম্মিলিত সংগ্রাম পরিষদ’র উদ্যোগে দিনব্যাপী বর্ষবরণের অনুষ্ঠান করতে চেয়েছিলাম। কিন্তু মেয়রের অনুরোধে তা প্রত্যাহার করে জিন্দাবাজারে একটি মসজিদে তা পালন করি। আমাদেরকে মসজিদে রেখে তিনি নায়িকা নিয়ে শোভাযাত্রা ও অনুষ্ঠান করবেন তা ধর্মপ্রাণ মুসলমানরা মেনে নেবেন না।
প্রসঙ্গত, গত শুক্রবার বাদ জুমআ নগরীর কোর্ট পয়েন্টে ‘ইসলাম বিরোধী কার্যকলাপ প্রতিরোধ সম্মিলিত সংগ্রাম পরিষদ’র ব্যানারে হেফাজত নেতারা পহেলা বৈশাখে ‘নাচ-গান’ পান্তা-ইলিশের’র বিরোধী প্রতিবাদ সভা করে। ওইদিন সেখানে থেকে নগরীর কোর্ট পয়েন্টে পহেলা বৈশাখ উপলক্ষে বর্ষবরণ অনুষ্ঠান করার ঘোষণা দেন। পরে রবিবার হেফাজত নেতাদের সাথে প্রশাসন বৈঠক করে। ঘন্টাব্যাপী ওই বৈঠকে প্রশাসন নগরীতে কোন ধরনের ইসলাম বিরোধী কার্যকলাপ হবে না বলে আশ্বাস দেন। এই আশ্বাসে হেফাজত তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে নিজ নিজ প্রতিষ্ঠানে বর্ষবরণ অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেয়।
সিটি করপোরেশনের বর্ষবরণ অনুষ্ঠানের শোভাযাত্রা ও মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন চিত্রনায়িকা মৌসুমী। এতে ক্ষিপ্ত হন হেফাজত নেতারা।
