সিলেটের খবর ডেস্ক: বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমেদ বলেছেন, দেশের চলমান সংকট নিরসনের একমাত্র পথ মধ্যবর্তী নির্বাচন। এই নির্বাচন হলে হারিয়ে যাওয়া গণতন্ত্র কিছুটা হলেও ফিরে আসবে। তিনি সোমবার জাতীয় প্রেসক্লাবে অল কমিউনিটি ফোরাম আয়োজিত এক নাগরিক সমাবেশে একথা বলেন।
এমাজউদ্দীন বলেন, ‘বর্তমান সরকারের আমি কোনো সমলোচনা করব না। শুধু দোয়া করি যেন তাদের শুভবুদ্ধির উদয় হোক। রমজান মাসে রোজা রেখে সরকার অন্তত সুচিন্তা করে একটি মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করুক।’
তিনি বলেন, ‘সরকারের বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে, আমরা নির্বাচনের দিকে এখন অগ্রসর হচ্ছি না। আমরা দেশের উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছি। আমি এই সরকারের উন্নয়নের কথা বলি- পদ্মা সেতুর কাজ শুরু হয়েছে, শেষ হবে কখন জানি না, বিশ্বব্যাংক তাদের অর্থায়ন বন্ধ করে দিয়েছে, এটাই কি তাদের উন্নয়ন। আমি বলতে চাই গণতন্ত্র বকেয়া রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়।’
আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে প্রবীণ এই রাষ্ট্রবিজ্ঞানী বলেন, ‘তাদের দায়িত্ব দেশের সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা কিন্তু তারা সেটা না করে বিএনপি-জামায়াত দমন করার কাজে ব্যবহৃত হচ্ছে।’
তিনি বলেন, ‘সংসদে যাদের বিরোধী দল হিসেবে রাখা হয়েছে, এটা কেমন বিরোধী দল? বিরোধী দলের মধ্যে মন্ত্রী থাকে, এটা অশিক্ষিত আচরণ ছাড়া আর কিছু না।’এমাজউদ্দীন বলেন, ‘গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হলে দেশের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। তাদের বুঝাতে হবে এটা তাদের অধিকার।’
আয়োজক সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে নাগরিক সমাবেশে আরো বক্তব্য রাখেন- বিএনপির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সংগঠনের উপদেষ্টা হায়দার আলী প্রমুখ।
