সিলেটের খবর ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর আয়োজনে ‘ভালোবাসার মাতৃভাষা’ অনুষ্ঠানে হামলার নিন্দা জানিয়ে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ৷ মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি ফয়েজ উল্লাহ্ এবং সাধারণ সম্পাদক রাজীব দাস এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান৷
বিবৃতিতে বলা হয়, “ গত ১৬/০২/২০১৯ হতে ভাষার মাস ফেব্রুয়ারিকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর আয়োজনে ‘ভালোবাসার মাতৃভাষা’ অনুষ্ঠিত হচ্ছে। ১৮/০২/২০১৯ তারিখ রাত ১২টা নাগাদ অজ্ঞাত পরিচয়ধারী দুই ব্যক্তির নেতৃত্বে দশ থেকে বারোজন আয়োজনের সাথে সংশ্লিষ্ট সামগ্রীর ক্ষতিসাধন করে। ডাকসু নির্বাচনের প্রাক্কালে সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ওপর এ হামলা অতন্ত ন্যাক্কারজনক, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতাকেই ব্যহত করবে বলে আমরা মনে করি।” তারা বলেন, দীর্ঘ দিন ডাকসু নির্বাচন স্থগিত থাকার সাথে যুগপৎভাবে দীর্ঘায়িত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসের তালিকা। ডাকসু নির্বাচনের প্রাক্বালে এধরণের কর্মকাণ্ড আমাদের ও সাধারণ শিক্ষার্থীদের মনে নির্বাচন নিয়ে শঙ্কার সৃষ্টি করে। এমতাবস্থায়, আমদের দাবি – প্রশাসন নির্লিপ্ততা কাটিয়ে ডাকসু নির্বাচনের আগেই এই ন্যাক্কারজনক হামলার সাথে জড়িত প্রত্যেককে চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসবে। ডাকসু নির্বাচন নিয়ে কোন ধরণের শঙ্কা সৃষ্টির প্রয়াস করা হলে ছাত্র ইউনিয়ন তা প্রতিহত করবে। আমাদের প্রত্যাশা প্রত্যেকে যেন নির্বিঘ্ন ও নিরাপদ পরিবেশের মধ্যে নির্বাচনে অংশ নিতে পারে ।
