সিলেটের খবর ডেস্ক: চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃষ্টি ভেজা ড্র টেস্টে এক অনন্য রেকর্ড গড়লেন মুস্তাফিজুর রহমান। ওয়ানডে অভিষেকেই ম্যাচ সেরা হওয়ার পর এবার অভিষেক টেস্টে ম্যাচ সেরা হয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন বাঁ-হাতি এই ম্যাজিক পেসার। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ওয়ানডে ও টেস্ট দুই ধরনের ক্রিকেটে অভিষেকেই ম্যাচ সেরা হওয়ার প্রথম কীর্তি গড়লেন মুস্তাফিজ।সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ১৭.৪ ওভার বল করে ৪ উইকেট তুলে নেন মুস্তাফিজ। এ জন্য তিনি খরচ করেছেন মাত্র ৩৭টি রান। অবশ্য বৃষ্টির কারণে দ্বিতীয় ইনিংসে আর জ্বলে উঠা হয়নি তার।
ওয়ানডে অভিষেকে ভারতের বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে ক্রিকেট দুনিয়ায় ঝড়ে ইঙ্গিত দেন মুস্তাফিজ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচেও ৬ উইকেট নিয়ে বিশ্বক্রিকেটে সাড়া ফেলে দেন।
সিরিজের তৃতীয় ম্যাচে ২ উইকেটসহ ১৩ উইকেট নিয়ে তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ উইকেটের রেকর্ডে ভাগ বসান। মুস্তাফিজ ক্রিকেট বিশ্বে পরিচিতি পেয়ে যান ‘কাটার কিং’ হিসেবে।
এছাড়া অভিষেকে প্রথম টি-টোয়েন্টিতে তিনি পাকিস্তানের অধিনায়ক শহিদ আফ্রিদিকেসহ দুই উইকেট নেন। তার বল খেলতে নাকানিচুবিানি খেতে হয় মোহাম্মাদ হাফিজদের।
