বিশ্বমানের প্রেস ক্লাব গড়তে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

by News Room

সিলেটের খবর ডেস্ক:আধুনিক ও বিশ্বমানের প্রেস ক্লাব গড়তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, “আপনারা জাতীয় প্রেস ক্লাবকে দৃষ্টিনন্দন, আধুনিক ও বিশ্ব মানের করে গড়ে তুলুন। আমাদের পক্ষ থেকে যা যা সহযোগিতা করা দরকার, তা করা হবে।”

বুধবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত ইফতার অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এ সময় দেশের উন্নয়নে সরকারের ভূমিকা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “স্বাধীনতার উদ্দেশ্য বাস্তবায়ন করাই এ সরকারের লক্ষ্য। মূল লক্ষ্য বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করা। আমরা যখনই ক্ষমতায় এসেছি, তখনই আর্থ-সামাজিক অবস্থার উন্নতি করা হয়েছে। আমরা দারিদ্র্য কমিয়ে ২২ দশমিক ৭ শতাংশে নামিয়ে এনেছি। অতি দারিদ্র্য মানুষের হার ৭ দশমিক ৯ শতাংশে নামিয়ে এনেছি।”

বিকেল ৬ টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে  উপস্থিত হন এবং সবার সঙ্গে কুশল বিনিময় করেন।  ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি এহসানুল হক।

বিএফইউজে একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, বিএফইউজের মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন ডিইউজের সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ। জাতীয় প্রেসক্লাবের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরীআরো উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, রেলমন্ত্রী মুজিবুল হক, প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান ও সমকাল সম্পাদক গোলাম সারোয়ার। এ ছাড়া বিভিন্ন পত্রিকার সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরা ইফতার মাহফিলে অংশ নেন।

You may also like

Leave a Comment