বিদ্যালয় ছারখার হচ্ছে, ঠেকান: শিক্ষামন্ত্রী

by News Room
সিলেটের খবর ডেস্ক:বিদ্যালয়ে অগ্নিসংযোগকারীদের প্রতিহত করে বিদ্যালয়গুলো বাঁচানোর আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। রাজনৈতিক মতানৈক্যের মধ্যে দশম সংসদ নির্বাচনের আগের দিন শতাধিক ভোটকেন্দ্র তথা বিদ্যালয়ে অগ্নিসংযোগের প্রেক্ষাপটে এ সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী।
ভোটকেন্দ্রের নিরাপত্তা বাড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
মিন্টো রোডের বাড়িতে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, গভীর দুঃখ-বেদনা নিয়ে দাঁড়িয়েছি। প্রায় সাড়ে তিন মাস ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রায় অচল।
শিক্ষামন্ত্রী বলেন, বিরোধী দল আন্দোলনের নামে এমন পরিস্থিতি সৃষ্টি করেছে যেখানে শিক্ষার্থী, অভিভাবক, দেশবাসী এমনকি পশুও নিরাপদ নয়।

নির্বাচন ঠেকানোর নামে বিরোধী দল শিক্ষা প্রতিষ্ঠানগুলো জ্বালিয়ে-পুড়িয়ে ‘ছারখার’ করে দিচ্ছে বলে অভিযোগ করেন নাহিদ। শিক্ষা প্রতিষ্ঠান তো দায়ী হতে পারে না। স্কুল পুড়িয়ে দেয়া কেন বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
মন্ত্রী বলেন, দেশবাসী নিজ নিজ এলাকায় অশুভ শক্তিকে প্রতিহত না করলে শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হবে।
যার যার এলাকায় সমবেত হয়ে ঐক্যবদ্ধ হয়ে স্কুলগুলোকে রক্ষার আহ্বান জানিয়ে তিনি বলেন- আইনশৃঙ্খলা বাহিনী, ছাত্র-শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, এলাকাবাসী সবাইকে মিলে দ্রুত ঐক্যবদ্ধ পদক্ষেপ নিতে হবে।
অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতেও সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
এসব অগ্নিসংযোগের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো শিথিলতা ছিল কি না তাও খতিয়ে দেখা হবে বলে জানান মন্ত্রী।

নাহিদ বলেন, স্কুলগুলোতে আগুন দিয়ে নাশকতাকারীরা ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায়। এর মাধ্যমে তারা প্রতিশোধ নিতে চাচ্ছে একাত্তরের পরাজয়েরও।

You may also like

Leave a Comment