ডেস্ক রিপোর্ট :: চৌহাটাস্থ মানরু শপিং সেন্টারে অবস্থিত বিতর্কিত প্রতিষ্ঠান ডেসটিনি-২০০০ এর অফিস থেকে ৩০টি এসি বিক্রির চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন প্রতারিত গ্রাহকরা।
এসিগুলো গাড়ীতে তোলার পর তা আটক করে মার্কেট প্রহরীদের তত্বাবধানে রাখা হয়েছে।
জানা গেছে, মাল্টি লেভেল মার্কেটিংয়ের নামে প্রতারণার কারণে দুদক কর্তৃক দায়ের করা মামলায় আদালতের নিষেধাজ্ঞায় অচল হয়ে পড়া বিতর্কিত ডেসটিনি-২০০০ এর সিলেট বিভাগীয় প্রধান কার্যালয় অবস্থিত ছিল মানরু শপিং সিটির ৭ম তলায়। গত বছর খানেক ধরে এই অফিসটি তালাবদ্ধ করে আত্মগোপনে রয়েছে ডেসটিনির কর্মকর্তারা।
বৃহষ্পতিবার রাত ৮টার দিকে আকষ্মিকভাবে মানরু শপিং সিটির প্রহরীরা দেখতে পান একটি মিনি ট্রাকে তোলা হচ্ছে অনেকগুলো এয়ার কুলার (এসি)। তারা বিষয়টি মার্কেট কর্তৃপক্ষকে অবহিত করেন। বিষয়টি জানাজানি হয়, ডেসটিনির প্রতারিত গ্রাহকদের মাঝে। এসি খুলে নেয়ার খবর শুনে প্রতারিত প্রায় অর্ধ শতাধিক গ্রাহক ছুটে যান ঐ মার্কেটে। তারা গাড়ী বোঝাই এসিগুলো আটক করেন ও মার্কেটের সামনে বিক্ষোভ করেন।
খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর সজিব ঘটনাস্থলে গিয়ে গাড়ীসহ এসিগুলো আটক করে মার্কেট প্রহরীদের জিম্মায় রেখে আসেন।
জানা গেছে, ঢাকাস্থ ডেসটিনির জনৈক জাহাঙ্গীর নামের কর্মকর্তা এসিগুলো বিক্রি করেছেন সিলেটের কাজিরবাজারস্থ হানিফ এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানে। ক্রেতা প্রতিষ্ঠান বৃহষ্পতিবার রাতে এসিগুলো খুলে নিয়ে যাবার চেষ্টা করছিল।
বিতর্কিত কোম্পানী ডেসটিনির মালামাল বিক্রির চেষ্টা রুখে দিয়েছে বিক্ষুব্ধ গ্রাহকরা
168
