বিজেপির ঐতিহাসিক বিজয়, কংগ্রেসের ভরাডুবি

by News Room

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের জাতীয় নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছে হিন্দু মৌলবাদী দল বিজেপি। অনদিকে ক্ষমতাসীন কংগ্রেসের শোচনীয় ভরাডুবি ঘটেছে।

এনডিটিভি জানায়, ৫৪৩ আসনের সংসদ নির্বাচনে ৩৩৭ আসনে এগিয়ে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। এর মধ্যে এককভাবে বিজেপি এগিয়ে রয়েছে ২৮০ আসনে।

বিজেপির ইতিহাসে তো বটেই, ভারতে এককভাবে কোনো দলের এতো সংখ্যক আসন পাওয়া নজিরবিহীন ঘটনা। এবার বিজেপিকে সরকার গঠনে জোটভুক্ত কোনো দল বা বাইরের অন্য কারো ওপর নির্ভর করতে হবে না। বিজেপি এককভাবেই সরকার গঠন করতে সক্ষম। সরকার গঠনে দরকার ২৭২ আসন।

 

২০০৯ সালের সংসদা নির্বাচনের তুলনায় বিজেপি এককভাবে এবার ১৬৪টি আসন বেশি পেয়েছে।

বিজেপি জোটের এই প্রত্যাশিত জয়ের ফলে ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদি।

ষোড়শ এই লোকসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের ভরাডুবি ঘটেছে। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট পেয়েছে মাত্র ৬৩টি আসন।

এর মধ্যে কংগ্রেস এককভাবে পেয়েছে ৪৮ আসন। গত সংসদ নির্বাচনের তুলনায় এবার এককভাবে কংগ্রেস ১৫৮টি আসন কম পেয়েছে। ফলে ভারতের সবচেয়ে পুরনো রাজনৈতিক দলটি এবার সবচেয়ে খারাপ ফল করে কার্যত আঞ্চলিক দলের কাতারে চলে এসেছে।

অন্যান্য দল ১৪৭ আসনে এগিয়ে রয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস পেয়েছে ৩৩টি আসন। দলটি গত বারের চেয়ে ১৪টি আসন বেশি পেতে যাচ্ছে। ইতোমধ্যেই বহু আসনের চূড়ান্ত ফলাফল পাওয়া গেছে।

শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে সারা দেশে একযোগে ৯৮৯টি কেন্দ্রে ভোট গণনা শুরু হয়।

সন্ধ্যা সাড়ে ছয়টায় নির্বাচন কমিশন সংবাদ সম্মেলন করে বিস্তারিত ফল প্রকাশ করবে।

গত ৭ এপ্রিল থেকে শুরু করে ১২ মে পর্যন্ত দেশের ৫৪৩টি আসনের ভোটাররা তাদের পছন্দের প্রতিনিধিকে ভোট দিয়েছেন। এ নির্বাচনে অংশ নেন ৮,২৫১ জন প্রার্থী।

প্রায় ১২৭ কোটি জনসংখ্যার দেশে ৮১ কোটি ৪৫ লাখ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন প্রায় ৫৫ কোটি। তাদের ভোট গণনার জন্য কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয় নির্বাচন কমিশন। কেন্দ্র ও রাজ্য পুলিশের পাশাপাশি প্যারা মিলিটারির নিরাপত্তা বাহিনীর সদস্যও মোতায়েন করা হয়।

ভারতের কেন্দ্রীয় ও স্থানীয় সরকারের প্রায় ১০ লাখ কর্মকর্তা ভোট গণনায় অংশ নেন।

নির্বাচন কমিশন থেকে জানা গেছে, ভোট গ্রহণের পর সারা দেশ থেকে ১৭ লাখ ২০ হাজার ইভিএম মেশিন কঠোর নিরাপত্তায় রাখা হয়। ভোট শেষ হতেই প্রত্যেকটি মেশিন উপস্থিত পোলিং এজেন্টের উপস্থিতিতেই সিলগালা করা হয়। শুক্রবার রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সামনে রেখে এই সিল খুলে ভোট গণণা শুরু হয়।

এদিকে ঐতিহাহিসক জয়ের পর বিজেপির কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সেখানে গণমাধ্যমের পাশাপাশি নেতাকর্মীদের উপচেপড়া ভিড়। নির্বাচনের ফল প্রকাশের পর বিজয় উৎসব করছে দলটির নেতাকর্মীরা।

You may also like

Leave a Comment