বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদকে দেয়ার সিদ্ধান্ত

by News Room

ডেস্ক: বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিতে সংবিধান সংশোধনের এক বিতর্কিত প্রস্তাবে সম্মতি দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘সংবিধান (ষোড়শ সংশোধন) আইন, ২০১৪’ এর খসড়ায় ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।

১৯৭২ সালের সংবিধানে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে থাকলেও পরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এক ওই অনুচ্ছেদ বাতিল করেন।

পরে বিচারপতিদের অপসারণের ক্ষমতা দেয়া হয় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে।

উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে দেয়ার বিষয়টি নতুন করে আলোচনায় আসে আওয়ামী লীগের গত সরকারের মেয়াদে।

২০১২ সালে তৎকালীন স্পিকার ও বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের একটি রুলিংকে কেন্দ্র করে কয়েকজন সংসদ সদস্য হাই কোর্টের একজন বিচারপতিকে অপসারণের দাবি তোলেন, যনি এখন সুপ্রিম কোর্টের বিচারপতি। সে সময়ই বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে আনার দাবি জোরালো হয়।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেয়ার পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করেন।

তবে বিএনপিসহ অনেকেই এই উদ্যোগের সমালোচনা করছেন।

সোমবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একদলীয় বাকশাল কায়েমের জন্যই বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে প্রত্যাবর্তনের আইন করছে সরকার।

তিনি বলেন, এ আইন বাস্তবায়ন হলে দেশে বিচারবিভাগের স্বাধীনতা বলে কিছু থাকবে না।

 

You may also like

Leave a Comment