নিউজ ডেস্ক:আল কায়েদার বর্তমান নেতা আয়মান আল-জাওয়াহিরির নাম ও ছবিসহ এক ভিডিও বার্তা প্রচারিত হচ্ছে ইন্টারনেটে, যাতে ভারতীয় উপমহাদেশ ও পশ্চিমের ‘শীর্ষ ক্রিমিনালদের ইসলামবিরোধী ষড়যন্ত্রের’ বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান জানানো হয়েছে।
ওই ভিডিও বার্তার একটি ‘ক্লিপ’ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতে এসেছে।
এতে বলা হয়েছে, “বাংলাদেশের মুসলিম ভাইয়েরা, ইসলামের বিরুদ্ধে যারা ক্রুসেড ঘোষণা করেছে, তাদের প্রতিরোধ করার জন্য আমি আপনাদের আহ্বান জানাচ্ছি। উপমহাদেশ ও পশ্চিমের শীর্ষ ক্রিমিনালরা ইসলামের বিরুদ্ধে, ইসলামের নবীর বিরুদ্ধে এই ষড়যন্ত্র করছে, মুসলিম উম্মাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যাতে আপনাদেরকে তারা অবিশ্বাসীদের দাসে পরিণত করতে পারে।”
এই বার্তায় জাওয়াহিরি পরিচয় দেয়া এক ব্যক্তিকে আরবিতে বলতে শোনা যায়, পাশাপাশি ইংরেজি সাবটাইটেলে দেখা যায় তার তর্জমা।
বাংলাদেশকে ‘বিরাট এক জেলখানা’ হিসাবে তুলে ধরে এই বার্তায় বলা হয়, এই দেশে মুসলমানদের সম্মান আজ ভূলুণ্ঠিত।
“বাংলাদেশ আজ এমন এক ষড়যন্ত্রের শিকার, যাতে ভারতীয় এজেন্ট, পাকিস্তানের দুর্নীতিগ্রস্ত সেনা নেতৃত্ব এবং বাংলাদেশ ও পাকিস্তানের ক্ষমতালোভী, বিশ্বাসঘাতক রাজনীতিবিদরাও জড়িত।”
