ডেস্ক রিপোর্ট :স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মানবতাবিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদের প্রাণ ভিক্ষার আবেদন পাওয়ার পরই সরকার পরবর্তী কার্যক্রম গ্রহণ করেছে, তাই এক্ষেত্রে বিতর্কের কোনো সুযোগ নেই। আজ রোববার সকালে সচিবালয়ে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তাদের লিখিত আবেদন আমাদের কাছে রয়েছে। তাদের আবেদনের যৌক্তিকতা বিচারে আইন মন্ত্রণালয়ের পরামর্শ নিয়ে আমরা বাকি কাজটুকু করেছি। এ বিষয়ে আর অন্যকোন বিষয়ে নিয়ে কথা বলার অবকাশ নেই।সাকার পরিবার কেন সন্দেহ প্রকাশ করছে- এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের হয়তো নলেজের অভাব ছিল। আবেদন তো আমাদের কাছে এসেছে। তাদের জানার কথা নয়। দুই যুদ্ধাপরাধীর আবেদনের প্রমাণ সরকারের হাতে আছে জানিয়ে তিনি বলেন, তারা (পরিবার) বললে তো হবে না। কারণ আমাদের কাছে চিঠিপত্র রয়েছে, প্রমাণ রয়েছে। তাদের লিখিত অ্যাপ্লিকেশন আমাদের হাতে রয়েছে। সেই অ্যাপ্লিকেশনের যৌক্তিকতা আছে কি না এবং অ্যাপ্লিকেশন যথার্থ হয়েছে কি না সে ব্যাপারে আইনমন্ত্রী মহোদয়ের ওপিনিয়ন নিয়েই আমরা বাকি কাজ করেছি। কাজেই এখানে আর কথা বলার অবকাশ নেই। ফাঁসি কার্যকরের প্রতিবাদে জামায়াতের হরতালে জনগণ সাড়া দেবে না বলেও মনে করেন মন্ত্রী। তিনি বলেন, পূর্বেও অনেক হরতাল ডেকেছে, জনগণের সাথে কোনোই সম্পৃক্ততা হয়নি। জনগণ এসবে সায়ও দেয় না। আপনারা জনগণের পালস বোঝেন। আমার মনে হয় এই সমস্ত কর্মসূচি দিয়ে কোনো লাভ হবে না। যে কোনো ধরণের পরিস্থিতি মোকাবেলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত আছে।উল্লেখ্য, গতকাল শনিবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার এ বিচারকে ‘ত্রুটিপূর্ণ’ হিসেবে আখ্যায়িত করে এবং এর ‘প্রতিবিধান’ চেয়ে সাকা চৌধুরীর ছেলে রাষ্ট্রপতির কাছে একটি আবেদন নিয়ে যান। জানা যায়, রাষ্ট্রপতির পক্ষ থেকে এ আবেদন গ্রহণ না করে যথাযথ মন্ত্রণালয়ের মাধ্যমে আসতে বলা হয়।
প্রাণভিক্ষার আবেদনের বিষয়ে বিতর্কের সুযোগ নেই
127
প্রাণভিক্ষার আবেদনের বিষয়ে বিতর্কের সুযোগ নেই
previous post
