পাকিস্তান: জামায়াতের মধ্যস্ততায় সংকট সমাধানের আশাবাদ

by News Room

সিলেটের খবর ডেস্ক: পাকিস্তান সংকট লাঘব হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আন্দোলনের মাঠ ফাঁকা হতে শুরু করায় এবার আলোচনার মাধ্যমে সংকট সমাধানে আগ্রহ দেখাচ্ছেন ইমরান খান ও তাহিরুল কাদরির দল।

রয়টার্স জানায়, বুধবার পাকিস্তানের স্পর্শকাতর রেড জোনে মাত্র কয়েকশত বিক্ষোভকারী অবশিষ্ট ছিলেন।

এ অবস্থায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির প্রধান ইমরান খান ও পাকিস্তান আওয়ামী তেহরিকের প্রধান তাহিরুল কাদরি আলোচনায় মাধ্যমে রাজনৈতিক সংকট সমাধানে সম্মতি জানিয়েছেন।

এর আগে তারা প্রধানমন্ত্রীর পদ থেকে নওয়াজ শরীফের পদত্যাগ ছাড়া কোনো আলোচনায় অসম্মতি জানিয়ে আসছিলেন।

তবে পদত্যাগের দাবি নাকচ করে দিয়েছেন নওয়াজ।

পাকিস্তানের এই সংকট নিরসনে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মধ্যস্ততা করছে দেশটির বৃহত্তম ইসলামপন্থী দল জামায়াতে ইসলামী।

জামায়াতের আমির সিরাজ-উল-হক বুধবার বলেন, ‘চলমান সংকটে সমগ্র জাতি বিরক্ত। (ইমরান) খানের দল খোলা মন নিয়ে আলোচনার জন্য আমাদের অনুরোধে রাজি হয়েছে এবং আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।’

পাকিস্তানের এই রাজনৈতিক সংকট সমাধানে শুরু থেকেই গঠনমূলক ভূমিকা রেখেছেন জামায়াত আমির।

ইমরান খানের দলের এমপিরা পদত্যাগপত্র জমা দিলেও সংকট সমাধানের অংশ হিসেবে তিনি তা গ্রহণ না করতে স্পিকারের প্রতি আহ্বান জানান।

দৃশ্যত জামায়াত নেতার এই মধ্যস্ততার কারণেই বুধবার সংসদের বর্তমান অধিবেশনের শেষ দিনেও স্পিকার ইমরানের দলের এমপিদের পদত্যাগপত্র গ্রহণ করেননি।

পাকিস্তানের সংবিধান অনুসারে এমপিরা পদত্যাগপত্র জমা দেয়ার সাথে সাথেই তা গৃহীত হয়েছে বলে ধরে নেয়া হয়।

You may also like

Leave a Comment