আন্তর্জাতিক ডেস্ক : নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস এলাকার বহুতল ভবনে অগ্নিকাণ্ডে বাংলাদেশি মালিকানাধীন ২০টি প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সোমবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে ব্রুজম ভবনের তিনতলায় একটি নেপালি ল’ফার্ম অফিস থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের খবরে নিউ ইয়র্ক ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন লাগার সময় ভবনে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ সময় ৩৭ এভিনিউয়ের ৭৩ স্ট্রিট থেকে ৭৬ স্ট্রিট পর্যন্ত সড়ক বন্ধ করে দেয়া হয়। এতে ভোগান্তিতে পড়েন হাজারো মানুষ। আশপাশের রাস্তাগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
ব্রুজম ভবনটিতে ২০টি বাংলাদেশি মালিকানাধীন ব্যবসায়ী প্রতিষ্ঠান ছিল। সবগুলো প্রতিষ্ঠানই পুড়ে ছাই হয়ে গেছে বলে স্থানীয় বাংলাদেশিরা জানান।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত টেলিলিংক নামের প্রতিষ্ঠানের কর্ণধার মাসুম মোহাম্মদ মহসিন সংবাদ মাধ্যমকে বলেন, ভবনটিতে তার চারটি প্রতিষ্ঠান রয়েছে। সবগুলো অফিসেই পুড়ে গেছে বলে তিনি জানতে পেরেছেন।
