মোঃ নাবেদ মিয়া, নবীগঞ্জ থেকেঃ কাঙ্খিত পৌর মেয়র নির্বাচিত করতে ভোটারা কষছেন পুরোনোদিনের হিসাব। ২২ বছরে হয়নি পৌরসভার নিজস্ব ভবন। আওয়ামীলীগ বিএনপি দু’দলেই বিদ্রোহী প্রার্থীর আভাস।
নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দলীয় মেয়র প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ ও বিএনপি।
এবার চমক দেখিয়ে নৌকার দলীয় মনোনয়ন পেলেন তরুণ রাজনীতিবিদ যুবলীগ নেতা গোলাম রসূল চৌধুরী রাহেল। বিএনপির দলীয় মনোনয়ন পেলেন পৌর বিএনপির সাবেক সভাপতি ছাবির আহমেদ চৌধুরী। এদিকে আওয়ামীলীগ, বিএনপি দলীয় মনোনয়নে প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই নবীগঞ্জে আলোচনার কেন্দ্র বিন্দু কে হচ্ছেন বিদ্রোহী প্রার্থী।
অপরদিকে পৌরবাসী কষছেন ভোটের হিসাব নিকাশ। দলীয় প্রার্থীদের পাশাপাশি মাঠে রয়েছেন স্বতন্ত্র মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সুমন। তিনি ও রয়েছেন বেশ প্রচার প্রচারণায়। সব মিলিয়ে সরব নবীগঞ্জ পৌরসভার ভোটের মাঠ।
চায়ের দোকান থেকে শুরু করে দিনমজুরদের আলোচনায় কে হচ্ছেন কাঙ্খিত পৌর মেয়র। ২০২১ সালের ১৬ জানুয়ারী অনুষ্ঠিত হবে নবীগঞ্জ পৌরসভা নির্বাচন। গোপন ব্যালটের মাধ্যমে ভোট দেবেন পৌরবাসী।
