বিনোদন প্রতিবেদক:জনপ্রিয় অভিনেতা মারজুক রাসেল গান লিখেন, কবিতা লিখেন।
তিনি একজন রকস্টার। এই রকস্টারই এবার তিশার প্রেমে পড়েছেন।
কিন্তু মারজুক রাসেল যেহেতু রকগান নিয়ে পড়ে থাকেন, ভিনদেশী সংস্কৃতি চর্চা করেন, তাই তিশা ভিনদেশী সংস্কৃতি লালন করা কারো সাথে প্রেম করতে রাজি হয় না।
এমনই একটি নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করলেন মারজুক রাসেল ও তিশা।

নাটকে রকস্টারের ভূমিকায় দেখা যাবে মারজুক রাসেলকে। আর তিশা অভিনয় করেছেন রবীন্দ্রপ্রেমী সংস্কৃতিমনা এক তরুণীর চরিত্রে। এক ঘন্টার এ নাটকটির নাম ‘বিসিএস বাংলা প্রথম ও দ্বিতীয়পত্র’।
পহেলা বৈশাখ উপলক্ষে নাটকটি নির্মাণ করেছেন মাসুদ সেজান।
গত মঙ্গলবার থেকে উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হয়েছে।
নাটকের গল্পে তুলে ধরা হয়েছে, ভিনদেশী সংস্কৃতির প্রভাবে তরুণ প্রজন্ম যে বাংলা ভাষা ও নিজ দেশের কৃষ্টিকালচারকেই ভুলে যেতে বসেছে তাই।
নাটকে মারজুক রাসেল তিশার প্রেমে পড়বেন। কিন্তু তিশা ভিনদেশী সংস্কৃতি লালন করা কারো সাথে প্রেম করতে শুরুতে রাজি হয় না। শেষ পর্যন্ত মারজুক রাসেল নিজেকে বাংলা সংস্কৃতির প্রেমিক হিসেবে উপস্থাপন করার জন্য নানা ধরনের উদ্ভট ঘটনার জন্ম দিবে।
নাটক প্রসঙ্গে তিশা বলেন, ‘সেজান ভাইয়ের নাটক মানেই ম্যাসেজ নির্ভর নাটক। এ নাটকের মাধ্যমে তিনি তরুণ প্রজন্ম থেকে শুরু করে সবার মাঝে বাঙালি চেতনাকে তুলে ধরেছেন। এ নাটকে আমি একজন সংস্কৃতিমনা তরুণীর চরিত্রে অভিনয় করছি। নাটকে অভিনয় করে আমার বেশ ভালো লেগেছে। আশা করি দর্শকেরও ভালো লাগবে।’
মারজুক রাসেল বলেন, ‘আমার চরিত্রটা অভিন্নধর্মী। যারা দেখবেন তাদের চৈতন্যদয় হবে। যারা নানান ব্যস্ততার কারনে দেখার সময় পান না, তারা লোকমুখে শুনে দেখতে আগ্রহী হবেন।’
পরিচালক মাসুদ সেজান বলেন, ‘বৈশাখে আমারা সাধারণত যে ধরনের নাটক দেখে থাকি এ নাটকটি তার থেকে আলাদা। দর্শক এখানে ভিন্ন ধরনের স্বাদ পাবেন। আমাদের বাঙালি চেতনা আমাদের সংস্কৃতিকে, খুবই সহজ একটি গল্পের মধ্য দিয়ে তুলে ধরবার চেষ্টা করেছি।’নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন তিশা ও মারজুক রাসেল। এতে আরো অভিনয় করেছেন- তারিক স্বপন, মিলনভট্ট প্রমূখ।
‘বিসিএস বাংলা প্রথম ও দ্বিতীয়পত্র’ নাটকটি বাংলাভিশনে প্রচার হবে পহেলা বৈশাখ রাত ৯টা ৫ মিনিটে।
