ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) ভোররাতে উপজেলার চোচপাড়া সীমান্তের এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোরে জয়নাল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এ সময় সীমান্তের ৩৭৯ নম্বর পিলার এলাকার বিপরীতে ভারতের চাকলাগড় বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে নিহত হন জয়নাল।
বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মেম্বার আব্দুর রহিম বলেন, ওপার (ভারত) থেকে বাড়ি ফিরছিল জয়নাল। আসার সময় বিএসএফের গুলিতে সে নিহত হয়।
নিহতের পারিবারিক সূত্রের বরাত দিয়ে বিজিবি আরও জানায়, নিহত যুবক জন্মগতভাবে বাংলাদেশের নাগরিক হলেও বর্তমানে তিনি ভারতীয় রেশনকার্ডধারী। তিনি ১০ বছর আগে ভারতে বিয়ে করে সপরিবারে সেখানে বসবাস করে আসছিলেন।
বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সহিদুল ইসলাম বলেন, “নিহত যুবকের নাম জয়নাল আবেদীন (৩৫)। তিনি রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি গ্রামের মো. মাঝিলের ছেলে। তবে এদেশে ১টা বউ থাকলেও সে ভারতে আরেকটি বিয়ে করে দ্বিতীয় স্ত্রীসহ গত ১০ বছর ভারতে বসবাস করছিল।”
বিজিবি অধিনায়ক আরও বলেন, “বিএসএফের সাথে পতাকা বৈঠকের মাধ্যমে ব্যাপারটি নিয়ে আরও সুনির্দিষ্ট ও বিস্তারিত জানতে চেষ্টা চলছে।”
