স্টাফ রিপোর্টার :
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, মেডিকেল কলেজগুলোতে শুধু সেবা নয়, শিক্ষা নেওয়ারও জায়গা। এখানে সেবার পাশাপাশি গবেষণারও পরিবেশ তৈরি করে দিতে হবে। তিনি বুধবার ৬ মার্চ সিলেটে জৈন্তাপুর ও বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে বিশ্বনাথে এসব কথা বলেন।
দুই দিনের সিলেট সফরে এসেই স্বাস্থ্যমন্ত্রী ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সরাসরি চলে যান জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ, অপারেশন সেন্টার, পরিবার পরিকল্পানা অফিসসহ ঘুরে ভর্তি রোগীদের সাথে হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে কথা বলেন। সেখানে ডা. সামন্ত লাল সেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অফিসে না পেয়ে তাঁকে তাৎক্ষণিক সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।
জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী জনবল সংকট নিরসন ও ভবন সংস্কারের আশ্বাস দিয়ে বলেন, এগুলোতে অনেক কাজ করা দরকার। বিশেষ করে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে লোকবল বাড়াতে হবে। তিনি আরো বলেন, প্রান্তিক জনপদে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারলে মেডিকেল কলেজগুলোতে ভিড় হবে না।
বিশ্বনাথে ডাক্তারদের বিভিন্ন নির্দেশনা দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বনাথ আমার জন্মভূমি, এখানে আমার বাবা ও মায়ের বাড়ি। অনেক দিন পর এখানে আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।
সিলেটের দুইটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)’র কেন্দ্রীয় মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন প্রমুখ।
