নিউজ ডেস্ক: কারাগারে যাওয়ার প্রস্তুতি নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ক্ষণ গুণতে বলেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। শনিবার দুপুরে মেহেরপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, ‘খালেদা জিয়ার রাজনীতির মৃত্যু হয়েছে। এখন মানুষ হত্যার দায়ে বাকি দিনগুলো তাকে কারাগারেই কাটাতে হবে, তার দিন শেষ। কারাগারে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ক্ষণ গুণতে থাকুন।’
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, ;পেট্রোল বোমা দিয়ে মানুষ মেরে এ দেশে রাজনীতি করতে পারবেন না। অবরোধ ও হরতালের নামে মানুষ পুড়িয়ে মারা শুরুর পর থেকেই আপনার রাজনীতির মৃত্যু হয়েছে।’
মেহেরপুর শহরের শহীদ সামসুজ্জোহা পার্কের শহীদ মিনারের বেদীতে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সদ্য বিদায়ী সভাপতি ও মেহেরপুর-১ আসনের সাবেক সাংসদ জয়নাল আবেদীন।
