ছাতকে মেধাবী ছাত্র ইফতির দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক

by News Room

ছাতক প্রতিনিধি: ছাতকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত শাখাওয়াত হোসেন ইফতি (২৩) মৃত্যুবরণ করেছে। ইন্না-লিল্লাহ….। বুধবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। প্রায় দু’সপ্তাহ মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। ইফতি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইমলামপুর গ্রামের সাবেক ইউপি সদস্য হাজী সুনু মিয়ার পুত্র ও ছাতক সরকারী ডিগ্রি কলেজের মেধাবী ছাত্র। ৩১ মে বিকেলে সুরমা নদীর উত্তরপাড় গনেশপুর খেয়াঘাটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় শাখাওয়াত হোসেন ইফতি। তাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার ১৫দিন পর তার মৃত্যু ঘটে। এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জাকির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দ্রুত সময়ের মধ্যে আসামীদের আইনের আওতায় আনা হবে এবং তাদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে। ইফতির জানাযা রাত ৯.৩০ টায় ইসলামপুর গ্রামের ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে এবং গ্রামের কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, পৌর মেয়র আবুল কালাম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক নেতা শামীম আহমদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল, নোয়াগাও মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল হান্নান, ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি তানভীর আহমদ জাকির, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সবাই শোকাহত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন।

You may also like

Leave a Comment