ছাতক প্রতিনিধিঃ ছাতকে নৌ-পুলিশের উপর হামলা করেছে বালু উত্তোলনকারী শ্রমিকরা। এ হামলার ঘটনায় নৌ-পুলিশের ওসি সহ ৮ ব্যক্তি আহত হয়েছেন। গত রবিবার সন্ধ্যার পর চেলা নদীর নিয়ামতপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। টহলরত অবস্থায় থাকা নৌ-পুলিশের উপর বালু উত্তোলনকারী ও বাল্কহেড শ্রমিকরা হামলা চালিয়েছে বলে নৌ-পুলিশ দাবি করেছে। এতে ছাতক নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর মঞ্জুর আলম, এসআই হাবিবুর রহমান, এএসআই সবুজ হোসেন, পুলিশ সদস্য সাব্বির আহমদ, মোহাম্মদ শাহজাহান, সৈকত কুমার দেব আহত হয়েছেন। আহতদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে। জানা যায়, চেলা নদী সংলগ্ন ছাতক বন বিভাগের জায়গা থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিলো কতিপয় শ্রমিক। এ নিয়ে ছাতক বিট ও ফরেষ্ট কর্মকর্তা নিতেশ ঠাকুর নৌ-পুলিশ ফাড়িতে একটি অভিযোগও দিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে গত রোববার এলাকা পরিদর্শনে যায় নৌ পুলিশ। এসময় ইঞ্জিন চালিত নৌকা দিয়ে পিছন থেকে পুলিশের উপর হামলা করেছে বালু উত্তোলনকারীরা দাবী করেছে নৌ পুলিশ। এতে মামলার নথিপত্র, পুলিশের ১১টি মোবাইল নিয়ে যায় হামলাকারীরা। পরে স্হানীয়দের সহযোগিতায় আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গত সোমবার দুপুরে ছাতক নৌ-পুলিশ ফাড়ি পরিদর্শন করেন নৌ পুলিশ সিলেট অঞ্চলের পুলিশ সুপার (এসপি) শম্পা ইয়াসমিন। পরে তিনি হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে যান। তিনি জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে।
ছাতকে নৌ-পুলিশের উপর হামলা আহত ৮
272
