ডেস্ক রিপোর্ট : গুম এড়াতে দল ও জনগণের প্রতি চরম সতর্কতা ও প্রতিরোধের (রেড অ্যালার্ট) আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন, “গুম থেকে বাঁচতে হলে প্রতিরোধ দরকার। আইনের বাইরে র্যাব-পুলিশ যেই আসবে, তাকে আটকান।”
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত মে দিবসের শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।
চৌধুরী আলম, ইলিয়াস আলীসহ দেশে সংঘটিত বিভিন্ন গুমের কথা উল্লেখ করে খালেদা জিয়া বলেন, দেশে এখন প্রতিদিন মানুষ গুম হচ্ছে। শুধু লাশ আর লাশ পাওয়া যাচ্ছে। নদীতে লাশ, জমিতে লাশ, জঙ্গলে লাশ মিলছে। এই সরকারের কাছে কারো জীবনের নিরাপত্তা নেই।” তিনি নারায়ণগঞ্জের সাতজনের অপহরণ ও হত্যার ঘটনায় সরকারকে দায়ী করেন।
খালেদা জিয়া বলেন, “সাগর-রুনির খুনের পর এরা (আওয়ামী লীগ সরকার) বলেছিল, এরা কারো বেডরুমের নিরাপত্তা দিতে পারবে না। এখন তো এরা রাস্তায়ও মানুষের নিরাপত্তা দিতে পারে না। কাজেই এদের কাছে নিরাপত্তা চেয়ে লাভ নেই। এখন দরকার গণ-প্রতিরোধ।” তিনি গণ-প্রতিরোধ করতে সবাইকে রাস্তায় নামার আহ্বান জানান।
দাস ও ক্রীতদাসের সংজ্ঞা দিয়ে বিএনপির চেয়ারপারসন বলেন, “দাস অন্তত প্রভুর অন্যায় কাজের প্রতিবাদ করতে পারে, কিন্তু ক্রীতদাস সেটাও পারে না। আওয়ামী লীগের সরকার ভারতের ক্রীতদাস। এরা প্রভুর কাজের প্রতিবাদ করতে পারে না।”
খালেদা জিয়া বলেন, “সীমান্তে যখন ফেলানীর লাশ ঝুলে থাকে তখন তারা (আওয়ামী লীগ) প্রতিবাদ করতে পারে না। সীমান্তের ভেতরে ঢুকে যখন বিএসএফ বাংলাদেশীদের গুলি করে মেরে ফেলে, তখন এরা প্রতিবাদ করতে না। আমাদের সীমান্তের ভেতরে এসে ধান কেটে নিয়ে যায়, তখনো প্রতিবাদ করতে পারে না।”
সরকার কথায় কথায় মিথ্যা বলে উল্লেখ করে খালেদা জিয়া বলেন, “এই সরকার রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের যে পরিমাণ ক্ষতিপূরণ দিতে চেয়েছিল, তা দেয়নি। এরা কথায় কথায় মিথ্যা বলে। তাই দেশের মানুষ এদের কথা এখন আর বিশ্বাস করে না।”
সাবেক প্রধানমন্ত্রী আরো বলেন, “আওয়ামী লীগ সরকারের আমলে মধ্যপ্রাচ্যে মানবসম্পদ রফতানি বন্ধ হয়ে গেছে। মধ্যপ্রাচ্যে এখন আর বাংলাদেশ থেকে লোক নেয় না।” এ অবস্থায় আওয়ামী লীগের হেদায়েত দরকার বলে উল্লেখ করে তিনি জনতার উদ্দেশে জানতে চান, “তাদের (আওয়ামী লীগ) হেদায়েত দরকার কি না বলেন? তাদের হেদায়েতের জন্য রাস্তায় নামতে হবে।”
ভূত আর জিনের ভোটে সরকার ক্ষমতায় রয়েছে মন্তব্য করে বিএনপির চেয়ারপারসন বলেন, “৫ জানুয়ারি কোনো নির্বাচন হয়নি। সেদিন ভূত আর জিন ভোট দিয়েছে।”
শ্রমিকদের কল্যাণে বিএনপির আমলে নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন খালেদা জিয়া।
