খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে রিট

by News Room

নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

সোমবার (২০শে ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দের পক্ষ থেকে এ রিট আবেদন করা হয়।

বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানান এ আইনজীবী।

গেল ৫ই ডিসেম্বর আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের জানান, খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়ার অনুমতি দিতে সরকার আইন সুযোগ খুঁজছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার চিকিৎসার বিষয়গুলো মানবিক দিক বিবেচনা করছেন।

গত ১৩ই নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপি ও তার পরিবারের পক্ষ থেকে বারবার খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন ও আহ্বান জানানো হয়েছে। এখন পর্যন্ত এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি।

এর আগে গত ১২ই অক্টোবর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। টানা ২৬ দিন চিকিৎসা শেষে ৭ই নভেম্বর সন্ধ্যায় বাসায় ফেরেন তিনি।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ বছরের ২৭শে এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। তখন ৫৪ দিন হাসপাতালে থাকতে হয় খালেদা জিয়াকে।

You may also like

Leave a Comment