আন্তর্জাতিক ডেস্ক: ক্রিসমাস উৎসবের সময়ে ভ্রমণ করলে করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ বাড়তে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি।
রবিবার এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে ওমিক্রন ছড়িয়ে পড়লে স্বাস্থ্য ব্যবস্থার ওপর আবারো প্রভাব পড়বে। এখনই দেশটিতে রোগী সামলাতে হাসপাতালগুলোতে চাপ বাড়ছে।
এদিকে ক্রিসমাস শুরুর আগেই যুক্তরাজ্যে কঠোর বিধিনিষেধ আরোপ করা হতে পারে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ।
রবিবারও দেশটিতে রেকর্ড ১২ হাজারের বেশি ওমিক্রন শনাক্ত হয়েছে। এদিকে বেলজিয়ামে করোনার বিধিনিষেধের প্রতিবাদে নামা বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। নেদারল্যান্ডসের পার্শ্ববর্তী দেশটিতে করোনার কঠোর বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে সরকার।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। এরপর বিভিন্ন সময় করোনার সংক্রমণ কমবেশি হয়েছে। তবে চলতি বছরের মে মাসের শেষের দিকে দেশে করোনার ডেল্টা ধরনের দাপটে পরিস্থিতি খারাপ হতে থাকে।
গত আগস্টের প্রথম দিকে করোনার গণটিকা দেওয়া শুরু হয়। এরপর সংক্রমণ ও মৃত্যু উভয়ই কমতে শুরু করে।
