নিউজ ডেস্ক: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার সকালে ইন্তেকাল করেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল এই তথ্য নিশ্চিত করেছেন।কোকো স্বেচ্ছা নির্বাসনে মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। তার বয়স হয়েছিল ৪৫ বছর।
বাংলাদেশ সময় শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবীর জানিয়েছেন।
তিনি ছিলেন একজন রাজনীতিবিদ ও ব্যবসায়ী। এছাড়া কোকো বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সিটি ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন।২০০৭ সালের ৩রা সেপ্টেম্বর ভোরে সেনানিবাসের মঈনুল রোডের বাসভবন থেকে খালেদা জিয়া ও ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে গ্রেপ্তার করা হয়।
এরপর ২০০৮ সালের ১৭ জুলাই জামিনে মুক্তি পান কোকো। পরদিন স্ত্রী শর্মিলী রহমান ও দুই কন্যা জাফিয়া রহমান, জাহিয়া রহমানকে নিয়ে চিকিৎসার জন্য থাইল্যান্ড যান।
২০১২ সালে চিকিৎসার জন্য খালেদা জিয়া সিঙ্গাপুরে গেলে সেখানে মায়ের সঙ্গে সাক্ষাৎ হয় কোকোর। একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থাইল্যান্ড থেকে মালয়েশিয়ায় যান কোকো। এরপর থেকে সেখানেই পরিবার নিয়ে বসবাস করছেন তিনি।
