ইসলামিক স্টেটের বিরুদ্ধে ওবামার ‘নির্মম’ যুদ্ধ ঘোষণা

by News Room

সিলেটের খবর ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে ‘নির্মম’ যুদ্ধ করার কথা ঘোষণা করেছেন।

আইএস যোদ্ধাদের নির্মূলে তিনি সিরিয়ায় বিমান হামলা চালাবেন বলে জানিয়েছেন। একই সঙ্গে ইরাকেও সেনা অভিযান জোরদার করার কথা বলেছেন।গতকাল বুধবার টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ওবামা এসব কথা বলেন। এ সময় তিনি বিদেশের মাটিতে যুক্তরাষ্ট্রের নতুন যুদ্ধ শুরু করার পরিকল্পনা ও কৌশলের কথা তুলে ধরেন।

বৃহস্পতিবার এএফপি’র খবরে বলা হয়, ভাষণে ওবামাকে বেশ গম্ভীর দেখা যায়। তিনি বলেন, ‘সিরিয়া ও ইরাকে আইএসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি কোনো দ্বিধা করব না।’

ভাষণে চার দফা কৌশল পরিকল্পনার মধ্যে ইরাকি সেনাবাহিনীকে সরাসরি সামরিক সহায়তা করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।এছাড়া আইএসের হামলায় যেসব বেসামরিক মানুষজন ঘরছাড়া হয়েছে তাদের জন্য আরো মানবিক সহায়তা বাড়ানো হবে বলেও জানান তিনি।

ইসলামিক স্টেটকে একটি সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে ওবামা বলেন, এই সংগঠনকে পরাস্ত করার জন্য একটি জোট গঠন করা হবে।এই কর্মকৌশল কার্যকর করতে একটি জোট গঠনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যে রয়েছেন।

যুক্তরাষ্ট্র সিরিয়া ও ইরাকে ইসলামিক স্টেটকে প্রতিহত করতে একটি দীর্ঘমেয়াদি সন্ত্রাস বিরোধী কার্যক্রম নিয়ে এগুচ্ছে বলে ওবামার বক্তৃতায় মনে হয়েছে।

ইরাক ও সিরিয়ার বিশাল এলাকা ইতোমধ্যেই দখল করে নিয়েছে ইসলামিক স্টেট। সিরিয়ার শহর রাকায় তারা এক ধরনের সরকারি শাসন প্রতিষ্ঠা করেছে বলে জানা যাচ্ছে। সেখানকার প্রশাসন কার্যক্রম চালানোসহ নতুন কর্মকর্তাও নিয়োগ দিচ্ছে জঙ্গি সংগঠনটি।

সূত্র: এএফপি, বিবিসি

You may also like

Leave a Comment