কর্মবান্ধব শিক্ষা ছাড়া জাতীয় উন্নয়ন সম্ভব নয় :ড. আহমদ আল কবির

by News Room

বাসস, সিলেট:বিশিষ্ট অর্থনীতিবিদ, স্বেচ্ছাসেবী সংগঠন সীমান্তিকের প্রধান পৃষ্ঠপোষক ড. আহমদ আল-কবির বলেছেন, কর্মবান্ধব শিক্ষা ছাড়া জাতীয় উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়। তাই ব্যতিক্রম প্রতিষ্ঠান হিসেবে কর্মদক্ষ মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে সীমান্তিক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। যা থেকে বেশিরভাগ ক্ষেত্রে গরীব ও সুবিধাবঞ্চিতরাই প্রাধান্য পাচ্ছে।
তিনি শুক্রবার বিকেলে নগরের মেন্দিবাগস্থ জেলা ক্রীড়া কমপ্লেক্স সংলগ্ন ‘সীমান্তিক মেডিকেল এডুকেশন ও প্রশিক্ষণ কেন্দ্র’ এর নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তিনি আরো বলেন, বিপুল জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তর করে দেশের উন্নয়ন আরো তরান্বিত করা ও পিছিয়ে পড়া সিলেটকে এগিয়ে নেওয়া এই প্রতিষ্ঠানের লক্ষ্য। সীমান্তিক মেডিকেল এডুকেশন ও প্রশিক্ষণ কেন্দ্র-এর নতুন ভবন নির্মাণ এই উদ্যোগকে আরো গতিশীল করবে। ড. কবির এতে সকলের সহযোগিতা কামনা করেন।
সীমান্তিকের চেয়ারপার্সন অধ্যক্ষ মাজেদ আহমদের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারপার্সন শফিকুর রহমান তাপাদার, সীমান্তিক টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ তাপাদার, সীমান্তিকের কেন্দ্রীয় মহাসচিব মো. আব্দুল কুদ্দুস, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সিলেট ব্যুরো প্রধান মকসুদ আহমদ মকসুদ, সীমান্তিক সিলেট শাখা কমিটির সভাপতি শামীম আহমদ, সীমান্তিকের নির্বাহী পরিচালক কাজী মকসেদুর রহমান, পরিচালক পারভেজ আলম, প্রকল্প সমন্বয়কারি মাসুম বিল্লাহ চৌধুরী, ডা. মো. রুহুল আমীন শিকদার, প্রকল্প পরিচালক আব্দুর রহিম, যুব সংগঠক ও সমাজসেবি অ্যাডভোকেট আফসর আহমদ, সাজু ইবনে হান্নান খান প্রমুখ।

You may also like

Leave a Comment