গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ উপজেলার বাগলা গ্রামের যুবক ছোটু মিয়া গত ০৮ এপ্রিল নিখোজ হওয়ার পর গতকাল ২৫ এপ্রিল শনিবার ভোর রাতে বাগলা গ্রামের উত্তর বিলে বস্তা ভর্তি তার লাশ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী কৃষক তারা মিয়া জানান, ভোর আনুমানিক ৫ টার দিকে তিনি তার জমিতে কাজ করতে যান। প্রচন্ড দুর্গন্ধ পেয়ে তিনি দুর্গন্ধের উতস খুজতে গিয়ে বস্তাভর্তি একটি লাশ খালের পারে পড়ে থাকতে দেখেন। লাশটি দেখার পর তিনি স্থানীয়দের খবর দেন। সকাল ৮ টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
এসময় যুবকের ছোট ভাই জহিরুল ইসলাম জাবেদ এবং তার পরিবারের সদস্যরা লাশটি তাদের বড় ভাইয়ের বলে শনাক্ত করেন। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশটি সিলেট মর্গে পাঠায়। তার পরিবারের সদস্যরা জানান, কিছুদিন পূর্বে কাজ থেকে বাড়ি ফেরার পথে রাতের আধারে তাকে কে বা কারা অনুসরণ করছিলো।
সে বাড়িতে আতংকিত কন্ঠে ফোন করে জানায় কয়েকজন লোক তাকে অনুসরণ করছে। খবর পেয়ে তার দুই ভাই জাকির হোসেন দুদু এবং জহিরুল ইসলাম জাবেদ ছুটে গেলেও তার কোন সন্ধান পান নি।
তারপর তারা থানায় একটি জিডি করেন। অনেক খোজাখুজি এবং পত্রিকায় হারানো বিজ্ঞপ্তি দিয়েও কোন সন্ধান পাওয়া যায়নি তার। এ বিষয়ে গোলাপগঞ্জ থানার ওসি (তদন্ত) শিবলু আহমদ জানান, গত ০৮ এপ্রিল ছোটু মিয়া নামের এক যুবক হারানোর বিষয়ে থানায় জিডি করে তার পরিবার।
অনেক খোজাখুজি করেও তার কোন হদিস মিলেনি। আজ তার লাশটি বস্তাভর্তি অবস্থায় পাওয়া যায়। লাশটি ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
