মারা গেলেন কণ্ঠযোদ্ধা নমিতা ঘোষ

by News Room

ন্যাশনাল ডেস্ক:স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী নমিতা ঘোষ আর নেই। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৫ বছর।

পারিবারিক সূত্র জানায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন নমিতা।

দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে সেরে উঠেছিলেন নমিতা ঘোষ। গানেও নিয়মিত হন তিনি। ১২ মার্চ বাংলাদেশ টেলিভিশনের একটি আয়োজনে অংশ নেন নমিতা।

১৪ মার্চ থেকে জ্বর ও কাশি নিয়ে দুই হাসপাতাল ঘোরার পর তার করোনাভাইরাস শনাক্ত হয়। ১৬ মার্চ থেকে পপুলার হাসপাতালের এইচডিওতে চিকিৎসাধীন ছিলেন তিনি।

নমিতার বোন কবিতা ঘোষ জানান, শনিবার বেলা ১১টায় রাজধানীর পোগোজ স্কুল প্রাঙ্গণে স্বাধীনতা যুদ্ধের এই কণ্ঠযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হবে। তবে শেষকৃত্যের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
নমিতা ঘোষ মাত্র ১৪ বছর বয়সে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রথম নারী শিল্পী হিসেবে নিয়মিত সংগীত পরিবেশন করেছেন।

এ ছাড়া মুক্তিযোদ্ধাদের নিয়ে তৈরি একটি প্রামাণ্যচিত্রে যুক্ত হন নমিতা। পরে সেই প্রামাণ্যচিত্র যুদ্ধের সময় ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়।

You may also like

Leave a Comment