ডেস্ক রিপোর্ট:: বাংলাদেশের রাজনৈতিক দলগুলো জনগণকে গত নির্বাচনে তাদের নেতা নির্বাচনের সুযোগ দিতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের তিন দিন আগে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
গত ৫ জানুয়ারির নির্বাচন সংবিধান মোতাবেকই হলেও সামনের দিনগুলোতে গ্রহণযোগ্য একটি নির্বাচন করার উপায় খুঁজে বের করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান জাপানের রাষ্ট্রদূত।
আগামী ২৪ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান যাওয়ার কথা রয়েছে। এ সফরে দু’দেশের মধ্যে আঞ্চলিক নিরাপত্তা, দু’দেশের বাণিজ্য এবং বিনিয়োগ নিয়ে বেশ কিছু অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
জাপানে রপ্তানি দ্রুত বৃদ্ধি হচ্ছে উল্লেখ করে এই হার আরো বাড়ানোর জন্য রপ্তানি পণ্যের বহুমুখিকরণের জন্য বাংলাদেশি ব্যবসায়ীদের প্রতি আহবান জানান সাদোশিমা।
তিনি বলেন, জানুয়ারির শুরুতে বাংলাদেশে অনুষ্ঠিত নির্বাচন সংবিধান মোতাবেকই হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এদেশের জনগণ তাদের নেতা নির্বাচনের সুযোগটা পেয়েছে কি না?
তাদের এই সুযোগ দিতে সব রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে বসে সমাধান বের করতে হবে বলে মন্তব্য করেন জাপানি রাষ্ট্রদূত।
