317
আন্তর্জাতিক ডেস্ক:
পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে তুষার ধসে ছয়জন নেপালি পথপ্রদর্শক (গাইড) শেরপা নিহত এবং নয় অভিযাত্রী নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে নেপালের পর্যটন মন্ত্রণালয়। এ সময় বেশ কয়েকজন আহতও হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে বেসক্যাম্প-২ এর কাছাকাছি এ তুষার ধসের ঘটনাটি ঘটেছে।
নিখোঁজ ও হতাহতদের উদ্ধারে রাজধানী কাঠমুন্ডু থেকে উদ্ধারকারী হেলিকপ্টারসহ অন্যান্য সরঞ্জাম পাঠানো হয়েছে বলেও জানান পর্যটন মন্ত্রণালয়ের এই কর্মকর্তা।
শতাধিক অভিযাত্রী ও তাদের গাইড শেরপা ওই ক্যাম্পে জড়ো হয়েছিলেন। বছরের সবচেয়ে অনুকূল আবহাওয়ায় মধ্য মে থেকে তাদের ২৯ হাজার ফুট উঁচুতে সর্বোচ্চ শৃঙ্গে অভিযান শুরু করার কথা ছিল।
এদিকে, নেপাল মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা অং শেরিং জানিয়েছেন, এভারেস্টে তুষার ধসে চার থেকে পাঁচজন নিখোঁজের খবর তারা পেয়েছেন।
তিনি বলেন, এভারেস্টের ২১ হাজার ফুট উঁচুতে যে এলাকায় ঘটনা ঘটেছে, সেটি ‘পপকর্ন ফিল্ড’ নামে পরিচিত।
