সংলাপ ছাড়া সংকট সমাধান হবে না: তারানকো

by News Room

ডেস্ক রিপোট:  সংলাপ ছাড়া চলমান সংকটের সমাধান হবে না বলে মন্তব্য করেছেন জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো।

তিনি বলেন, ”সংলাপ ছাড়া এই সংকট থেকে উত্তরণ খুবই কঠিন।”
তবে রাজনৈতিক সদিচ্ছা থাকলে এখনও একটি অর্থবহ সংলাপের মধ্য দিয়ে বাংলাদেশের চলমান সংকট সমাধান করা সম্ভব বলে মনে করেন সফররত জাতিসংঘ মহাসচিবের এই দূত।
বুধবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত বিদায়ী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ”বাংলাদেশের সাধারণ মানুষের মতো জাতিসংঘও এখানে একটি সুষ্ঠু, অবাধ ও সহিংসতামুক্ত নির্বাচন দেখতে চায়।”
আর সংকট সমাধানে উভয় পক্ষকেই ছাড় দিতে হবে বলেও উল্লেখ করে তারানকো।
তবে সংকট সমাধানে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো যোগযোগশূন্যতা বা কমিউনিকেশন গ্যাপ আছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি সরাসরি কিছু বলেননি। তিনি বলেন, ”আমি দলগুলোর নেতাদের সঙ্গে মিটিংয়ের পরে মিটিং করেছি। তাদের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না।”
তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, ”আপনাদের নিরপেক্ষ ভূমিকা সংকট সমাধানে ভূমিকা রাখবে।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ”দিন শেষে সুস্পষ্ট কোনো সমাধান না হলেও আমরা আশাবাদী এবং আমরা বাংলাদেশের জন্য শুভ কামনা করি।”
তারানকো বলেন, ”বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট ইতিমধ্যে অনেক মানুষের প্রাণ নিয়েছে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে। আর এই সহিংসতায় যারা প্রাণ হারিয়েছেন তাদের অধিকাংশই নিরীহ ও নিরপরাধ মানুষ এবং নারী  ও শিশু।”
বাংলাদেশকে জাতিসংঘের গুরুত্বপূর্ণ সদস্য উল্লেখ করে তারানকো বলেন, বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে, বিশেষ করে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জাতিসংঘ বাংলাদেশের পাশে থাকবে।
পুরো সংবাদ সম্মেলনে তারানকো বেশ হাস্যোজ্জ্বল ছিলেন।

You may also like

Leave a Comment