ওয়েছ খছরু: সংরক্ষিত মহিলা আসনে প্রার্থী হয়ে লবিং শুরু করেছেন সিলেটের মহিলা নেত্রীরা। আরও জোরেশোরে লবিং চালাতে তাদের অনেকেই এই মুহূর্তে ঢাকায় অবস্থান করছেন। নিজেদের অবস্থান সুদৃঢ় করতে কেন্দ্রীয় নেতাদের দরবারে দরবারে চালাচ্ছেন তদবির। জাতীয় পার্টি থেকে এবার অনেক মুখের নাম শোনা যাচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, বিরোধী দলবিহীন এবারের নির্বাচনে সিলেট থেকে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রায় ২০ জন নেত্রী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজ সোমবার ঢাকায় জাতীয় পার্টির এমপি প্রতিযোগিতায় দৌড়ে থাকা নারীদের সাক্ষাৎ পর্ব অনুষ্ঠিত হবে।
এদিকে, আওয়ামী লীগের সংসদ সদস্য হতে নারীরা গতকাল গণভবনে দলীয় প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গত দুই নির্বাচনে আওয়ামী লীগ থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হয়েছিলেন সিলেট আওয়ামী লীগের ত্যাগী নেত্রী সৈয়দা জেবুন্নেছা হক। তিনি সর্বজন শ্রদ্ধেয় হওয়ায় তার সঙ্গে প্রতিযোগিতায় যায়নি কেউ। এবারও তিনি মনোনয়নপত্র কিনেছেন এবং জমাও দিয়েছেন। তার সঙ্গে এবার আরও কয়েকজন প্রার্থী হয়েছেন। এর মধ্যে রয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের প্রয়াত নেতা ইফতেখার হোসেন শামীমের স্ত্রী নাজনিন হোসেন, আওয়ামী লীগ নেত্রী রুবি ফাতেমা ইসলাম, সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও বর্তমান কাউন্সিলর শাহানারা বেগম। এদিকে, সিলেটে জাতীয় পার্টি থেকে ইতিমধ্যে দুই জন মনোনয়নপত্র জমাও দিয়েছেন।
এরা হলেন- জাতীয় পার্টির সিলেট মহানগরের সভানেত্রী শিউলী আক্তার ও জেলার সাধারণ সম্পাদক হেনা বেগম। শুক্রবার সংরক্ষিত আসনে জাতীয় পার্টির মহিলা এমপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সিলেট জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হেনা বেগম। সিলেট জেলা জাতীয় মহিলা পাার্টির সাধারণ সম্পাদকের পদের পাশাপাশি জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় কমিটি ও জাতীয় পার্টির সিলেট জেলা কমিটির সদস্যপদও রয়েছে তার। আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের জ্যেষ্ঠ পুত্রবধূ আওয়ামী লীগের প্রচার কমিটির সহ সম্পাদক মুমতাহীনা রীতু।
বৃহস্পতিবার তিনি দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। দলীয় সূত্রে জানা গেছে, সিলেট বিভাগের চার জেলা থেকে এবার আওয়ামী লীগের ২ জন নারী সদস্য সংরক্ষিত আসনে সংসদ সদস্য নির্বাচিত হবেন। সুনামগঞ্জ থেকে সংরক্ষিত আসনে প্রার্থী হয়েছেন শামীমা শাহরিয়ার।
সূত্র মানবজমিন ২০ জানুয়ারি ২০১৪
