নিউজ ডেস্ক: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান হরতাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বাড়ানো হয়েছে।
মঙ্গলবার বিকেলে এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ।
বিবৃতিতে বলা হয়, সরকারের পেটোয়া যৌথবাহিনী কর্তৃক নরহত্যা চালিয়ে যাওয়া, দেশব্যাপী ২০ দলীয় জোটের নেতাকর্মীদেরকে নির্বিচারে খুন, গুম, হামলা-মামলা ও গণগ্রেপ্তার, সাংবাদিক ও সংবাদকর্মী নির্যাতন এবং সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণ, বিচার ব্যবস্থার ওপর সরকারী নগ্ন হস্তক্ষেপ, বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত মহাসচিবসহ সকল জেষ্ঠ্য নেতৃবৃন্দ ও বরেণ্য বিশিষ্ট নাগরিকবৃন্দের বিরুদ্ধে অব্যাহতভাবে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে দেশব্যাপী চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি চলমান ৭২ ঘণ্টার শান্তিপূর্ণ হরতাল আগামী ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বর্ধিত করা হলো।
বিবৃতিতে বিএনপি ও ২০ দলীয় জোটের সকল নেতাকর্মী ও গণতন্ত্রকামী সকল দেশপ্রেমিক জনগণকে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালনের জন্য বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে উদ্বাত্ত আহ্বান জানানো হয়।
