হবিগঞ্জে খুন করে তিন যুবকের লাশ রেল লাইনে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা

by News Room

ডেস্ক রিপোর্ট:: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তিন যুবককে হত্যা করে মৃতদেহ ঢাকা-সিলেট রেল লাইনের উপর ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার নওয়াপাড়া রেলওয়ে স্টেশনের কাছ থেকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ির পুলিশ মৃতদেহ তিনটি উদ্ধার করে।

নিহতরা হলেন- মাধবপুর উপজেলার নোয়াপাড়া গ্রামের শিপন (২৫), বুটলা (২৮) ও অপরজনের (২৮) নাম জানা যায়নি। তা‍ৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয়ও পাওয়া যায়নি।

নোয়াপাড়া স্টেশন মাস্টার মইনুল হক জানান- সকালে স্থানীয় লোকজন স্টেশন প্লাটফর্মের প্রায় ২শ’ গজ উত্তরে তিন যুবকের লাশ পড়ে থাকতে দেখে ফাঁড়িতে খবর দেন। পরে শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ তিনটি উদ্ধার করে।

তিনি আরও জানান, লাশ তিনটি দেখে মনে হচ্ছে ট্রেনের নিচে কাটা পড়েছে। আদৌ তারা ট্রেনের নিচে কাটা পড়েছে কিনা তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদের হত্যা করে লাশগুলো ট্রেন লাইনের ওপর ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। যেন মানুষ দেখে মনে করে তারা ট্রেনে কাটা পড়ে মারা গেছে।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ওসমান গণি জানান, ধারণা করা হচ্ছে তাদের দূরে কোথাও হত্যা করে লাশগুলো রেল লাইনের উপর ফেলে যায় দুর্বৃত্তরা।

You may also like

Leave a Comment