সিলেটে ২৪ ঘণ্টায়ও সচল হয়নি বিদ্যুৎ:জনজীবন বিপর্যস্ত

by News Room

স্টাফ রিপোর্টার : সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ সরবরাহ উপ-কেন্দ্রে মঙ্গলবার অগ্নিকাণ্ডের পর ২৪ ঘণ্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে সিলেট ও সুনামগঞ্জ।ফলে উক্ত এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।সিলেট মহানগর এলাকা সহ বিভিন্ন এলাকায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ জনগণ।নিত্যপ্রয়োজনীয় কাজ কর্ম থেকে শুরু করে সকল কাজ স্থবির হয়ে পড়েছে।ব্যবসা বাণিজ্য,অফিস-আদালতে প্রতিবন্ধকতার স্বীকার সাধারণ মানুষ।সরেজমিন পরিদর্শনে দেখা যায়,নগরবাসী পানির জন্য হাহাকার করছে।কলসী নিয়ে রাস্তায় নেমেছে মানুষ জন।

অগ্নিকাণ্ডের পরই দুই এলাকার সাড়ে ৪ লক্ষাধিক গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েন। আজ বুধবার সকাল ১১টায়ও বিদ্যুৎ সরবরাহ সচল হয়নি।

জানা গেছে, মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে ওই উপ-কেন্দ্রে এই আগুনের সূত্রপাত হয়। প্রায় এক ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে বিদ্যুৎ না থাকায় নগরবাসী চরম দুর্ভোগে পড়েছেন। বাসা-বাড়িতে পানির জন্য মানুষ অবর্ণনীয় কষ্টে পড়েছেন। সিলেট বিভাগের দুই জেলা সিলেট ও সুনামগঞ্জে আবার কখন বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে সে বিষয়ে কিছুই বলতে পারছেন না সংশ্লিষ্টরা।

অগ্নিকাণ্ডের পর বিদ্যুৎ না থাকার কারণ জানিয়ে সিলেট নগরীতে মাইকিং করা হয়েছে। তবে কখন বিদ্যুৎ আসবে সেটি জানানো হয়নি।

আগুনে দুটি ট্রান্সফরমার পুরোপুরি পুড়ে গেছে। দুটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী মোকাম্মেল হোসেন।

তিনি জানান, সিলেট বিভাগের সিলেট ও সুনামগঞ্জ এলাকার গ্রাহকরা বিদ্যুৎবিচ্ছিন্ন আছেন। সিলেট-১, সিলেট-২, সিলেট-৩ ও সিলেট-৪ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের আওতাধীন সাড়ে চার লাখ গ্রাহক বিদ্যুৎহীন রয়েছেন।

এই কর্মকর্তা আরও জানান, আগুনে গ্রিড লাইন ও ট্রান্সফরমার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক যন্ত্রপাতি পুড়ে গেছে। এগুলো সংস্কারের কাজ চলছে। ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি সংস্কার ও পরিবর্তন করতে হবে।

তবে কবে নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

মোকাম্মেল হোসেন বলেন, অগ্নিকাণ্ডের বিষয়ে উচ্চ পর্যায় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

You may also like

Leave a Comment