সিলেটে দিনদুপুরে ৯ লাখ টাকা ছিনতাই

by News Room
ডেস্ক রিপোর্ট:সিলেটে সানটেক এনার্জি কোম্পানীর গাড়ির গ্লাস ভেঙে ৯ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এ সময় ছিনতাইকারীদের হামলায় মাইক্রোবাস চালক ও সানটেক কোম্পানীর দুই কর্মকর্তা আহত হয়েছেন। রবিবার বিকেলে সিলেট শহরতলীর খাদিম কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান ফটকের কাছে এ ঘটনা ঘটে।
পুলিশ ও সানটেক এর কর্মকর্তারা জানান, মেজরটিলার প্রাইম ব্যাংক থেকে বিকেলে কোম্পানীর কর্মকর্তা ও কর্মচারীদের বেতনের ৯ লাখ উত্তোলন করেন কোম্পানীর কর্মকর্তা সাহাদাত ও জমির। টাকা উত্তোলনের পর মাইক্রোবাসযোগে তারা ওই টাকা নিয়ে খাদিম বিসিক শিল্প নগরীতে কোম্পানীর অফিসে যাচ্ছিলেন। কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌছামাত্র তিনটি মোটরসাইকেলে আসা ৮-৯ জন ছিনতাইকারী মাইক্রোবাসের গতিরোধ করে। এ সময় মোটর সাইকেল আরোহী
ছিনতাইকারীরা হাতে থাকা লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে গাড়ির গ্লাস ভাঙচুর করে গাড়ি আটকে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।

গাড়ি চালক ও কোম্পানীর কর্মকর্তারা টাকার ব্যাগ দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারীরা হাতে থাকা লোহার রড দিয়ে তাদের মারধোর করে। এক পর্যায়ে তারা টাকা ব্যাগ নিয়ে বাইপাস অভিমুখে চলে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছিনতাইকারীরা বাইপাস হয়ে বুরহান উদ্দিন কুশিঘাট সড়ক দিয়ে পালিয়ে যায়।

সানটেক এনার্জি লিমিটেডের কর্মকর্তা বজলুর রশীদ জানান, ঘটনার পরপরই পুলিশকে ঘটনাটি অবগত করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তিনি জানান, আহত গাড়ি চালক ও দুই কর্মকর্তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শাহপরান থানার ওসি শীবেন্দু চন্দ্র জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

You may also like

Leave a Comment