সিলেট শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, আগামী ৯ ফেব্রুয়ারী বাংলা (আবশ্যিক) ১ম পত্রের পরীক্ষা গ্রহণের মধ্য দিয়ে এসএসসি পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষ হবে ১৩ মার্চ বৃহস্পতিবার। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এ বছর এসএসসি পরীক্ষায় ৬৮ হাজার ২৪৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ৩০ হাজার ২১৫ জন ছাত্র ও ৩৮ হাজার ৩৪ জন হলেন ছাত্রী।
বিভাগ ভিত্তিক হিসেবে বিজ্ঞান বিভাগে ১২ হাজার ৬৬২ জন, মানবিক বিভাগে ৪৮ হাজার ৩৭৩ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৭ হাজার ২১২ জন পরীক্ষার্থী রয়েছেন।
পরীক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ পরীক্ষার্থী সিলেট জেলায় এবং সর্বনিম্ন হবিগঞ্জ জেলায়। সিলেট জেলার পরীক্ষার্থীর সংখ্যা ২৬ হাজার ৩১৫ জন। এর মধ্যে ছাত্র ১১ হাজার ৭৮৩ জন ও ছাত্রী ১৪ হাজার ৫৩২ জন। পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৬ হাজার ১৬ জন, মানবিক বিভাগে ১৭ হাজার ৫৮০ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ২ হাজার ৭১৯ জন পরীক্ষার্থী রয়েছে।
সুনামগঞ্জ জেলার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ৫১৫ জন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ২৬৫ জন ও ছাত্রী ৭ হাজার ২৫০ জন। এ সকল পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ২ হাজার ২৮ জন, মানবিক বিভাগে ১০ হাজার ৬৩২ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৮৫৫ জন রয়েছেন।
মৌলভীবাজার জেলার মোট পরীক্ষার্থী ১৫ হাজার ৫৩৪ জন। এর মধ্যে ৬ হাজার ৫৬৮ জন ছাত্র ও ৮ হাজার ৯৬৬ জন ছাত্রী। পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ২ হাজার ৫১৫ জন, মানবিক বিভাগে ১১ হাজার ২৯০ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ১ হাজার ৭২৯ জন।
জানা গেছে, এবছর সিলেট বিভাগের ৪ জেলার ১১৫টি পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষা গ্রহণ করা হবে। গত বছর ৪ জেলায় পরীক্ষার কেন্দ্র সংখ্যা ছিল ১০০। পুরাতন কেন্দ্র ছাড়া এ বছর নতুন করে সিলেট জেলায় ৪টি, সুনামগঞ্জ জেলায় ৩টি, মৌলভীবাজার জেলায় ৫টি ও হবিগঞ্জ জেলায় ৩টি কেন্দ্র বৃদ্ধি করা হয়েছে।
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুল মান্নান খান বলেন, গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থী ও কেন্দ্র সংখ্যা বেড়েছে। পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক কার্যক্রম পুরোদমে চলছে। নকল মুক্ত পরিবেশে, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণের জন্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
