সিলেটে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী নিহত, সড়ক অবরোধ

by News Room
নিউজ ডেস্ক : সিলেটে ট্রাক চাপায় এক মোটর সাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর আরেক আরোহী। সোমবার সকালে সিলেট-তামাবিল সড়কের গোয়াইনঘাট উপজেলাধীন নলজুরি বাজারে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন প্রায় দুইঘন্টা সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে রাখেন।
নিহত ইমন আহমদ এমন (২৫) সিলেট নগরীর ২৮/বি লোহারপাড়ার এহিয়া মিয়ার ছেলে। আহত খালেদ আহমদ মান্না (৩২) বালাগঞ্জ উপজেলার গহরপুর সুলতানপুরের শফিকুর রহমানের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোয়াইনঘাট থানার এসআই মনোয়ার হোসেন ও হাইওয়ে পুলিশের এসআই রুহুল আমিন সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকমকে জানান- পাথর বোঝাই ট্রাক জাফলং থেকে সিলেটের দিকে আসছিল। নলজুরি বাজারের কাছে আসার পর বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই ইমন আহমদ নিহত হন। আশঙ্কাজনক অবস্থায় মোটর সাইকেলের অপর আরোহী মান্নাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার পর বিক্ষুব্দ জনতা সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক পালিয়ে যায়।

You may also like

Leave a Comment