সিলেটে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এ শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট, ২১ শ্রাবণ) সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠান হয়। জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেন, ছাত্র-জনতার এ আন্দোলনের মাধ্যমেই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে এবং একটি নতুন স্বাধীন দেশ অর্জিত হয়েছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এই স্বাধীন দেশে যেন নতুন করে কোন ফ্যাসিস্ট শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে এবং একত্রিত হয়ে কাজ করতে হবে। তিনি আরও উল্লেখ করেন যে জুলাই গণঅভ্যুত্থানে যারা শহিদ কিংবা আহত হয়েছেন, প্রশাসন সব সময় তাদের ও তাদের পরিবারের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। এ সময় তিনি অভ্যুত্থানে আহতদের কর্মসংস্থান ও জুলাই সনদ প্রদানের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে অংশ নেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ, সিলেট বিভাগের পুলিশ কমিশনার মো. রেজাউল করিম, পিপিএম-সেবা, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান এবং সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ ।
সম্মিলন অনুষ্ঠানে আগত জুলাই শহিদদের পরিবার ও আহতরা তাদের জীবনের উপর বয়ে যাওয়া প্রতিটি কষ্টের কথা ব্যক্ত করেন এবং বর্তমান পরিস্থিতির কথাও তুলে ধরেন। তাঁরা জুলাই যোদ্ধাদের সঠিকভাবে পুনর্বাসন, আহত যোদ্ধাদের জন্য সঠিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের জোর দাবি জানান। অনুষ্ঠানের শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহিদ পরিবারের সদস্যদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
