সিলেটে আসছে এআইভিত্তিক বাজার ব্যবস্থাপনা

by News Room

স্টাফ রিপোর্টার : বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, সিলেটকে দেশের অন্যতম প্রধান শাকসবজি রপ্তানি কেন্দ্রে পরিণত করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে সিলেটে একটি আধুনিক প্যাকেজিং সেন্টার স্থাপন, কৃষকদের আন্তর্জাতিক মানসম্পন্ন উৎপাদনে প্রশিক্ষণ এবং ট্রেসেবিলিটি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সিলেটে শাকসবজি উৎপাদন প্রচুর হলেও প্যাকেজিং ও লজিস্টিক সীমাবদ্ধতার কারণে রপ্তানি সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। এই সমস্যা সমাধান হলে সিলেট দেশের প্রধান শাকসবজি রপ্তানি অঞ্চলে পরিণত হবে। আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী বিজ্ঞানসম্মত উৎপাদন নিশ্চিতে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে।

পণ্যের মূল্য নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে অধিকাংশ পণ্যের দাম বাজারব্যবস্থায় নির্ধারিত হয়। তবে সংবেদনশীল নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকার কার্যকর মূল্য নির্ধারণ কাঠামো তৈরি করছে, যা সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে। এ বছর রপ্তানি বাড়বে কিনা—এমন প্রশ্নে তিনি বলেন, বৈশ্বিক যুদ্ধ ও অস্থিরতায় আন্তর্জাতিক বাণিজ্য প্রভাবিত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বাংলাদেশের রপ্তানি আরও বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। শিল্প খাতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

বাজার ব্যবস্থাপনার বিষয়ে মন্ত্রী জানান, কৃষি, মৎস্য, প্রাণিসম্পদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমন্বয়ে এআইভিত্তিক বাজার পর্যবেক্ষণ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে উৎপাদন, আবহাওয়ার প্রভাব, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, আমদানির প্রয়োজনীয়তা ও সরবরাহ তথ্য বিশ্লেষণ করে আগাম সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। এতে বাজার তদারকি আরও প্রাতিষ্ঠানিক, তথ্যনির্ভর ও কার্যকর হবে এবং কৃত্রিম সংকট, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও বাজারে অস্থিরতা প্রতিরোধে সরকার দ্রুত পদক্ষেপ নিতে পারবে।

অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াতের সভাপতিত্বে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শামসুজ্জামান এবং সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী তাঁর স্বেচ্ছাধীন তহবিল থেকে আর্থিক অনুদান, প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের মাঝে ছাগলের খাদ্য বিতরণ, বৃক্ষরোপণ এবং সদর কৃষি অফিস আয়োজিত পার্টনার কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

You may also like

Leave a Comment