দেশের চলমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে সিলেটে এবার ঢাকঢোল পিটিয়ে পালিত হচ্ছে না থার্টিফাস্ট নাইটের অনুষ্ঠান। প্রশাসনও কোন অনুমতি দেয়নি অনুষ্ঠানের। তবে প্রশাসনের অনুমতি ব্যতিরেকেই সিলেট নগরীর সুবিদবাজার ম্যান্ডালিনা চায়নিজ রেস্টুরেন্টে আয়োজন করা হয়েছে ঝাক্কাস ডি জে পার্টির। আজ মঙ্গলবার রাত ৮টা থেকে দেড়টা পর্যন্ত এই পার্টি চলার কথা রয়েছে।
আয়োজকরা দাবি করেছেন পুলিশ প্রশাসনের অনুমতি নিয়েই তারা থার্টিফাস্ট নাইট উপলক্ষে ডি জে পার্টির আয়োজন করেছেন। এই অনুষ্ঠানে পুলিশের কর্মকর্তারাও উপস্থিত থাকবেন বলে জানান আয়োজকরা। অনুষ্ঠানে প্রবেশমূল্য রাখা হয়েছে ৬০০ টাকা।
আয়োজক সূত্রে জানা গেছে- পার্টি মাতাতে ঢাকা থেকে এসেছেন ডি জে সনিকা, মারিয়া। এছাড়া ড্যান্স করবেন মডেল শোভা, মাহি, রুমী রিয়া, মিলি, শাওনসহ কয়েকজন। মঙ্গলবার বিকেলের মধ্যে সকল ডি জে ও মডেল সিলেট এসে পৌঁছান।
ডি জে পার্টির আয়োজক হিশাম রাজু জানান, প্রশাসনের অনুমতি নিয়েই বৈধভাবে ডি জে পার্টির আয়োজন করা হয়েছে।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মো. আয়ূব জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে সিলেটে কোন থার্টিফাস্ট অনুষ্ঠান বা ডি জে পার্টির অনুমতি দেয়া হয়নি। থার্টি ফাস্টের নামে কেউ অশ্লীল কোন অনুষ্ঠানের আয়োজন করলে পুলিশ ব্যবস্থা নেবে।
